আহত দুজনের একটি করে পা কেটে ফেলতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিবাগ রেলগেটে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার নিচে পড়ে গেলে মো. স্বপন মিয়া (৪২) নামের একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে প্রকৌশলী পলাশ বরণ ধর (৩৯) ও গাড়িচালক মো. নূর নবীর (৪০) একটি করে পা কেটে ফেলতে হয়েছে।
নির্মাণাধীন মগবাজার-মৌচাক সমন্বিত ফ্লাইওভারের (উড়ালসড়ক) মালিবাগ রেলগেট অংশে গত রোববার রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রকৌশলী (বাস্তবায়ন শাখা) আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
স্বপন মিয়া উড়ালসড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের হয়ে দৈনিক মজুরিতে কাজ করছিলেন। ওই রাতেই তিনি কাজে যোগ দিয়েছিলেন। পলাশ প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী। আর নূর নবী গাড়িচালক।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সড়কে মানুষকে সতর্ক করার কাজ করছিলেন স্বপন মিয়া। নির্মাণকাজ তদারক করছিলেন পলাশ বরণ ধর। সেখানে দাঁড়িয়ে নির্মাণকাজ দেখছিলেন নূর নবী। গার্ডার পলাশের বাম পা ও অন্য দুজনের ডান পায়ের ওপর পড়ে। স্বপন মাথায়ও আঘাত পেয়েছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, পলাশের বাম পা ও নূর নবীর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (এসআই) বাচ্চু মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অন্য দুজন চিকিৎসাধীন।
স্থানীয় লোকজন বলেন, মালিবাগ রেলগেটের উত্তর ও দক্ষিণ দিকে দুটি পিলারের পশ্চিম অংশের ওপর আগে থেকে একটি গার্ডার বসানো ছিল। সেখানে আরও একটি গার্ডার বসানোর জন্য রোববার রাত ১২টার পর কাজ শুরু করে নির্মাতাপ্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শী মফিজুর রহমান বলেন, রেলগেটের উত্তর পাশের পিলারের একটি বড় রডের সঙ্গে গার্ডারের দুটি রড ঝালাই দিয়ে আটকানো ছিল। আরেকটি গার্ডার পিলারের ওপর তোলার জন্য আগের গার্ডারের দুই রডের ঝালাই খুলে দেওয়া হয়। রাত আনুমানিক দুইটার দিকে গার্ডারটি পিলারের ওপর থেকে নিচে পড়ে যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, রেলগেট অংশে কাজ করার জন্য নির্মাণপ্রতিষ্ঠানের পক্ষ থেকে রাত একটা থেকে চারটা পর্যন্ত সময় নেওয়া হয়েছিল। এতে ট্রেন চলাচলে তেমন সমস্যা হয়নি।
স্বপন মিয়ার শ্যালক মো. মাসুদ প্রথম আলোকে বলেন, স্বপনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। তিন শিশু ছেলে ও স্ত্রীকে গ্রামের বাড়ি রেখে স্বপন ঢাকায় থাকেন। শাহজাহানপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রির কাজ করেন। রোববার সকালে তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন। ৫০০ টাকা মজুরিতে তিনি গার্ডার ওঠানোর সময় সড়কে মানুষ নিয়ন্ত্রণের কাজ করছিলেন।
হতাহতের এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। দুপুরে ঘটনাস্থলে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দোষ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।