আহত দোকান মালিকের মৃত্যু
দুর্বৃত্তদের হামলায় আহত চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের ফেন্সি মার্কেটের দোকান মালিক জহুরুল আলম সওদাগর (৬৫) বুধবার রাতে মারা গেছেন। হামলার কারণে মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরশাদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, বকেয়া ভাড়া দাবি করায় গত মঙ্গলবার রাতে দোকান মালিকের ওপর হামলা চালায় ভাড়াটিয়ারা। এরপর তাঁকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
জহুরুল আলম সওদাগরের ছেলে মো. সরওয়ার সাংবাদিকদের জানান, ‘গত তিন বছর ধরে দোকানের ভাড়া বকেয়া। ভাড়া চাইতে গেলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়।’