রানা প্লাজা ধসে আহত মোছাম্মৎ সালমা (২৭) নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, আহত হওয়ার পর সালমা দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। এ কারণে তিনি কিছুটা অস্বাভাবিক ছিলেন। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার পরও জিজ্ঞাসাবাদের জন্য সালমার স্বামী মো. বাবুকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে নিহত নারীর পরিবার বলছে, সালমা আহত হলেও তা গুরুতর ছিল না। তাঁর তেমন শারীরিক যন্ত্রণাও ছিল না। তবে কী কারণে এমন মৃত্যু, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন না।
পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল বেলা পৌনে ১১টার দিকে তুরাগ থানার ভাবনার টেক এলাকার এক বাসা থেকে সালমার লাশ উদ্ধার করা হয়। লাশটি বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল। ওই বাসায় স্বামী বাবুর সঙ্গেই থাকতেন সালমা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। এতে তিনি উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে জানা যায়, সালমা রানা প্লাজার পোশাক কারখানায় চাকরি করতেন। রানা প্লাজা ধসে তিনি মাথা ও শরীরে আঘাত পান। এর পর থেকে তিনি শারীরিক যন্ত্রণায় ভুগতেন। এ কারণে তিনি কিছুটা অস্বাভাবিক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় থেকে গতকাল ভোর ছয়টা পর্যন্ত যেকোনো সময়ে সালমা গলায় ফাঁস দেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ প্রথম আলোকে বলেন, সালমার স্বামী বাবু পুলিশকে জানিয়েছেন, রানা প্লাজার সাততলায় নিউ ওয়েব স্টাইল নামের পোশাক কারখানায় কাজ করতেন সালমা। রানা প্লাজা ধসের কয়েক দিন পর ধ্বংসস্তূপ থেকে সালমাকে উদ্ধার করা হয়। বেশ কিছুদিন সরকারি খরচে হাসপাতালে তাঁর চিকিৎসাও চলে। তবে কোন হাসপাতালে ছিলেন, তা বাবু জানাতে পারেননি।
তবে নিহত সালমার বড় ভাই রশিদ সরদার বলেন, দুর্ঘটনার পর নিজেই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে এসেছিলেন সালমা। তিনি ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন। প্রথমে পার্শ্ববর্তী একটি ক্লিনিক ও পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সুস্থ হওয়ার পর তাঁর শারীরিক যন্ত্রণা ছিল না।
সালমার আরেক ভাই সফিকুল বলেন, সালমার স্বামী বাবু বাসচালকের সহযোগীর চাকরি করেন। এক মাস আগে বাবু গাড়ি মেরামতের কথা বলে সালমার কাছ থেকে ৪৫ হাজার টাকা নেন। টাকা নিয়ে বাবু গাড়ি মেরামত করেছেন কি করেননি তা নিয়ে চিন্তিত ছিলেন সালমা।
সালমার ব্যাপারে বিভিন্ন তথ্যের অসংগতি সম্পর্কে তুরাগ থানার ওসি শেখ ফরিদ বলেন, অধিকতর তদন্ত ও বাবুকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে।