আহত পাঁচ পুলিশ সদস্য এখনো হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের আঘাতে আহত হয়েছিলেন পুলিশের অনেক সদস্য। পুলিশের ৩৩ জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। এর মধ্যে পাঁচজন এখনো চিকিৎসা নিচ্ছেন। বাকি সবাই চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরেছেন।

হলি আর্টিজানে জঙ্গিদের হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া অভিযান পরিচালনার বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। তখন জঙ্গিদের ছোড়া একটি গ্রেনেড সেখানে আঘাত হানে। ওই গ্রেনেডের আঘাতেই পুলিশের অধিকাংশ সদস্য আহত হন। ৩৩ জন হাসপাতালে গেলেও সাতজন ঘটনার দিনই চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বাকি ২৬ জনকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের উপপরিদর্শক ফারুক হোসেন, সুজন কুমার কুণ্ডু, সহকারী উপপরিদর্শক নূর জামাল, মতিউর রহমান ও কনস্টেবল আনারুল ইসলাম এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসা নিচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালে, দুজন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে।

আহত হয়েছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শেখ মুহম্মদ মারুফ হাসান। পাঁচ দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, বাঁ পায়ে দুটি স্প্লিন্টার লেগেছিল। অস্ত্রোপচার করা হয়েছে। এখনো ঘা শুকায়নি। তবে ১১ জুলাই তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদের পা ও হাতে স্প্লিন্টার আঘাত হানে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো প্রতিদিন সেখানে গিয়ে চিকিৎসা নিতে হয়। গত বৃহস্পতিবার কর্মস্থলে ফিরেছেন তিনি।

গতকাল তাঁর বনানীর কার্যালয়ে তিনি বলেন, রেস্তোরাঁটির সীমানার ৫০ গজ দূরে দাঁড়িয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছিলেন। সোয়া ১০টার দিকে একটি গ্রেনেড সেখানে আঘাত হানে। ওই গ্রেনেডের আঘাতেই পুলিশের অধিকাংশ কর্মকর্তা আহত হন। নিহত হন পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বানানী থানার ওসি সালাউদ্দিন খান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাসুদুর রহমান গতকাল বলেন, যাঁরা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন, তাঁদের প্রায় সবাই ইতিমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন।