আহত পুলিশের দুঃসহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের আন্দোলন ও সেই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ডের মধ্যে রাজশাহীতে বার বার আক্রান্ত হচ্ছে পুলিশ। ক্ষমতাসীন মহাজোট সরকারের শেষ সময়ে পুলিশের ওপর হামলা আরও বেড়েছে।

জামায়াত-শিবিরের কর্মীদের হামলা ও সংঘর্ষের সময় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা কোনো কোনো পুলিশ সদস্যের মাথা থেঁতলে দিয়েছেন, কারও পা ভেঙে দিয়েছেন। তাঁদের ছোড়া ককটেলে কেউ বা হারিয়েছেন কবজি। টাকার অভাবে এঁদের একজনেরও উন্নত চিকিৎসা হচ্ছে না। একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানা চালাচ্ছেন স্ক্র্যাচে ভর করে। এ রকমই কয়েকজনের দুঃসহ জীবনের চিত্র তুলে ধরা হলো:

অর্থের অভাবে মকবুলকে সিঙ্গাপুর নেওয়া যাচ্ছে না

রাজশাহী নগরের রানীবাজার এলাকায় গত ৩১ মার্চ শিবিরের কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের শিক্ষানবিশ এসআই মকবুল হোসেনের ডান কবজি ও বাঁ হাতের কয়েকটি আঙুল উড়ে যায়। ক্ষতবিক্ষত হয় মুখমণ্ডল, দুই বাহু ও ঊরু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঘুরে ২৩ মে থেকে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আছেন। তাঁর বাবা আনসার আলী পুলিশের হাবিলদার ছিলেন।

আনসার আলী বলেন, পাঁচ মাস আগেই চিকিৎসকেরা বলেছিলেন, বাংলাদেশে তাঁর আর চিকিৎসা নেই। বাঁ হাত সচল করতে সিঙ্গাপুর নিতে হবে। তিনি জানান, তাঁর মতো গরিব মানুষের পক্ষে রোগী নিয়ে সিঙ্গাপুর যাওয়া সম্ভবই না। প্রধানমন্ত্রীর দপ্তরে ৯০ লাখ টাকা চেয়ে আবেদন করে পেয়েছেন মাত্র এক লাখ টাকা। এবার ২৫ লাখ টাকা চেয়ে ফের আবেদন করেছেন।

দাঁড়াতে পারেন না জাহাঙ্গীর

নগরের শালবাগান এলাকায় গত ১ এপ্রিল এসআই জাহাঙ্গীর আলমকে শিবিরের কর্মীরা মাথা থেঁতলে অস্ত্র কেড়ে নেন। তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল ও পরে সিএমএইচে ভর্তি করা হয়। এক মাস চিকিৎসার পর এখন তিনি ভদ্রা এলাকায় নিজ বাসায় থাকছেন।

গত সোমবার জাহাঙ্গীর বলেন, হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ব্যথায় ডান হাতে এখনো কোনো কাজই করতে পারেন না। মাঝেমধ্যেই মাথা ঘোরে। তখন উঠে দাঁড়াতে পারেন না। অনেক সময় মাথায় কোনো কাজ করে না। পুলিশের কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা পেয়েছিলেন। তবে সরকারি অনুদান পাওয়ার কথা থাকলেও পাননি। এ অবস্থায় আগামী জুলাইয়ে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাবেন।

খুঁড়িয়ে চলেন শরীফ

রাজশাহী বেতার কেন্দ্রে দায়িত্ব পালনকালে গত বছরের ৬ ডিসেম্বর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হন কনস্টেবল শরীফ উদ্দিন। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে যায়। বাঁ ঊরু ধারালো অস্ত্র দিয়ে চিরে ফেলা হয়। তাঁকে প্রথম রাজশাহী মেডিকেল ও পরে জাতীয় হূদরোগ হাসপাতালে নেওয়া হয়। শরীফ জানান, একটু জোরে হাঁটতে গেলেই পায়ে টান লাগে।

স্ক্র্যাচে ভর দিয়ে থানা চালান মজিদ 

নগরের বিনোদপুর বাজারে ১০ ডিসেম্বর হামলার শিকার হন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। শিবিরের কর্মীরা এক কনস্টেবলের অস্ত্র কেড়ে নিয়ে পিটিয়ে তাঁকে (আবদুল মজিদ) জখম করেন। এতে তাঁর ডান পায়ের হাড় কয়েক টুকরা হয়ে যায়। ডান হাতের দুটি আঙুলও ভেঙে যায়। চিকিৎসা শেষে গত শনিবার কাজে যোগ দেন।

মহানগর পুলিশের উপকমিশনার (সদর) শাহ্ গোলাম মাহ্মুদ বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে হয়তো তিনি কথা বলতে চাচ্ছেন না। স্ক্র্যাচে ভর করেই থানা চালাচ্ছেন।

হাসপাতালের শয্যায় শামসুজ্জামান

নগরের কোর্ট স্টেশন এলাকায় ২ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হন রাজপাড়া থানার কনস্টেবল শামসুজ্জামান। তাঁর বাঁ হাতে গুলি লাগে। কয়েক দিন আগে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। এখনো তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।