রানা প্লাজায় ধসের তিন বছর পেরিয়ে গেছে। কিন্তু কষ্টের স্মৃতিগুলো পিছু ছাড়ছে না ভুক্তভোগীদের। আহত লোকজনের দিন কাটছে দুঃসহ শারীরিক ও মানসিক যন্ত্রণায়। টাকার অভাবে অনেকে চিকিৎসাও করাতে পারছেন না। রানা প্লাজা ধসে আহত হওয়া রংপুরের পাঁচজন পোশাকশ্রমিকের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
১১ বছর আগে মঞ্জিলা বেগমের (৪০) স্বামী আমজাদ আলী মারা যান। দুই ছেলেমেয়েকে নিয়ে দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। কাজ না পেলে পরিবারের সদস্যদের উপোস থাকতে হতো। পরে এক ব্যক্তির সহায়তায় রানা প্লাজায় পোশাক ফিনিশিং অপারেটর পদে কাজ নেন মঞ্জিলা। পরে বড় ছেলে রবিউল আউয়ালকেও (১৫) সেখানে চাকরি পাইয়ে দেন তিনি। রানা প্লাজা ধসে মা-ছেলে উভয়েই চাপা পড়ে। ওই দিনই তাদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় মঞ্জিলার ডান পা ভেঙে যায় ও মাথা ফেটে যায়। চিকিৎসকেরা তাঁর পায়ের ঊরুতে রড ঢুকিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন। রবিউলও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। মঞ্জিলার বাড়ি বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর মুন্সিপাড়া গ্রামে।
গত বৃহস্পতিবার মঞ্জিলার বাড়িতে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘পায়ের ভেতরে রড দেওয়ায় আগের মতো চলাচল করতে পারি না। ঠিকভাবে বসতেও পারি না। সব সময় পা ব্যথা করে। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না। মেয়ে লাইজু আক্তার সপ্তম শ্রেণিতে পড়ে। ছেলে রবিউল আর গার্মেন্টসে যেতে চায় না। আট মাস আগে ঢাকায় তিন হাজার টাকা বেতনে একজনের বাসায় কাজ নেয় রবিউল। এই টাকায় কোনো রকমে চলছে সংসার।’
মঞ্জিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওই দুর্ঘটনার পর শুনেছিলাম অনেক কিছুই পাব। মাত্র দুই লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছি। ছেলে রবিউল পেয়েছে ৯৫ হাজার টাকা। আঘাতের যন্ত্রণা এখনো ভোগাচ্ছে।’
বদরগঞ্জের লোহানীপাড়া কাঁচাবাড়ি গ্রামের শরীফা বেগম চাকরি করতেন অপারেটর পদে। দুর্ঘটনায় তিনি বুক, মাথা ও হাঁটুতে আঘাত পান। ক্ষতিপূরণ হিসেবে পান দেড় লাখ টাকা। দুই শিশুকন্যাকে নিয়ে তিনি ঢাকায় থাকেন। কাজ নিয়েছেন অন্য একটি পোশাক কারখানায়। মুঠোফোনে শরীফা বলেন, ‘আঘাতের যন্ত্রণা এখনো বয়ে বেড়াচ্ছি। এরপরও পেটের তাগিদে অন্য পোশাক কারখানায় কাজ নিয়েছি।’
বদরগঞ্জের কাঁচাবাড়ি শাহপাড়া গ্রামের মমতা খাতুন (৩৬) কাজ করতেন সুইং হেলপার পদে। তিনি বাঁ হাত ও পায়ে আঘাত পান। আঙুলগুলো কুঁকড়ে গেছে, সোজা হয় না। স্বামী মজিবর রহমান অসুস্থ। পাঁচ মেয়ের মধ্যে দুজনের বিয়ে দিয়েছেন। মমতার স্বামী ঢাকায় সাভারের অটো স্ট্যান্ডে ছোট্ট একটি চায়ের দোকান দিয়েছেন। মেয়েদের নিয়ে সেখানেই থাকেন মমতা। গত বৃহস্পতিবার মুঠোফোনে তিনি বলেন, ‘তিন মেয়েকে বিয়ে দেওয়া নিয়েও দুশ্চিন্তায় আছি। টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারি না। বেঁচে আছি কিন্তু কাজ করতে পারি না। এর চেয়ে মৃত্যু ভালো। যন্ত্রণায় শুধু কাঁদি। তিন দফায় ক্ষতিপূরণ হিসেবে পাওয়া পাঁচ লাখ টাকায় গ্রামে থাকার জন্য দুটি ঘর বানিয়েছি ও নিজের চিকিৎসায় ব্যয় করেছি।’
পীরগাছার ফকিরা গ্রামের শাহীনুর বেগম (২৫) বাটন হেলপার পদে কাজ করতেন। ভবন ধসে পড়লে পেটে তাঁর রড ঢোকে। বাঁ পা হারান তিনি। এখন পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছেন। ক্ষতিপূরণের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আমানত হিসাবে তাঁর নামে সোনালী ব্যাংক ঢাকা বিমানবন্দর শাখায় রাখা হয়েছে। প্রতি মাসে ওই সঞ্চয়পত্রের মুনাফা পান ১০ হাজার টাকা। শাহীনুর বলেন, ওই মুনাফার টাকা প্রতি মাসে তুলতে তাঁকে যেতে হয় ঢাকায়। তিনি পঙ্গু হওয়ায় একজনকে সঙ্গে নিয়ে ঢাকায় মুনাফার টাকা তুলতে যাওয়া-আসা ও খাওয়ার খরচ বাবদ ব্যয় হয় প্রায় সাড়ে তিন হাজার টাকা। বাকি টাকায় সংসার চলে না। স্বামী ফিরোজ মিয়া অসুস্থ। মেয়ে শাহনাজ পারভীন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। টাকার অভাবে নিজের ও স্বামীর চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না।
মিঠাপুকুরের রানীপুকুর গ্রামের সাদিকুল ইসলাম চাকরি করতেন হেলপার পদে। ভবন ধসে তিনি পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ক্ষতিপূরণ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার টাকা। আশুলিয়ায় জিয়া উদ্যানে তিনি নিরাপত্তা প্রহরীর চাকরি করছেন। মুঠোফোনে তিনি বলেন, ‘বাবা-মা ও স্ত্রীসহ ছয়জনকে নিয়ে ঢাকায় আছি। কষ্টে সংসার চলছে।’
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই সময় রানা প্লাজা ধসে এ উপজেলার ১৮ জন পোশাককর্মী মারা গেছেন।