আহত প্যানেল মেয়রের মৃত্যু, শহরে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিজানুর রহমানের মৃত্যুতে পৌরভবনে কালো পতাকা উত্তোলন, কলম বিরতিসহ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে মেহেরপুর পৌরসভা। গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এদিকে গতকাল শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছে মেহেরপুর শহর ব্যবসায়ী সমিতি।দুই সন্তানের জনক মিজানুর রহমান মেহেরপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।গতকাল শনিবার জানাজা শেষে মিজানুরের লাশ পৌর কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর সদর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন ও পুলিশ সুপার মো. শাহরিয়ারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানাজায় অংশগ্রহণ করেন। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় সাংবাদিকেরা জানাজায় অংশ নেন। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।এদিকে মিজানুরের মৃত্যুতে মেহেরপুর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, ১ এপ্রিল রাতে শহরের হোটেল বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলামের সঙ্গে গল্প করার সময় সন্ত্রাসীরা মিজানুর রহমানের ওপর বোমা হামলা চালায়। এতে তিনিসহ চারজন আহত হন। গুরুতর আহত মিজানুরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। গত শুক্রবার রাতে তিনি মারা যান।বোমা হামলায় আহত কাউন্সিলর কামরুল, দোকানের কর্মচারী নয়ন ও মিলনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। মেহেরপুর জেনারেল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।বোমা হামলার ঘটনায় মিজানুরের বাবা আবদুল হালিম ২ এপ্রিল মেহেরপুর সদর থানায় মামলা করেন। মামলায় মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুলসহ অজ্ঞাতনামা আট-নয় ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ ঘটনার পরপরই যুবলীগের নেতা বিপুল ও মোমিনকে গ্রেপ্তার করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আসামি বিপুলকে জিজ্ঞাসাবাদে পুলিশ বোমা হামলা সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।