আহত বাঘিনী এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে আহত একটি বাঘিনীকে উদ্ধার করে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। বাঘটির পায়ে গুরুতর ক্ষত রয়েছে। বন বিভাগের একটি দল একে উদ্ধার করে।
উদ্ধার করার সময় আহত বাঘটির পায়ে নাইলনের রশি বাঁধা ছিল। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, ওই রশি চোরা শিকারিদের ব্যবহূত।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে বাঘটির চিকিৎসা শুরু হবে। এ জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আজ রোববার তাঁরা বাঘটিকে দেখে চিকিৎসা কার্যক্রম শুরু করবেন। তবে সুন্দরবন থেকে গাজীপুরে আনা পর্যন্ত এর প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি ডাক্তার নিজাম উদ্দিন।
বন বিভাগের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, বাঘিনীটির বয়স ছয় বছর। অসুস্থ বাঘটির ওজন মাত্র ৭০ কেজি। মনে করা হচ্ছে, কমপক্ষে ১৫ দিন আগে এটি চোরা শিকারিদের ফাঁদে পড়েছিল। শক্ত নাইলনের রশিটি খুব সম্ভবত সে নিজেই দাঁত দিয়ে ছিঁড়েছে। এতে রশিটি তার পায়ে আরও শক্ত করে আটকে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। পায়ে এই মারাত্মক জখম থাকায় বাঘটি তেমন কোনো শিকার ধরতে পারেনি বলে কর্মকর্তারা মনে করছেন। তাঁরা বলছেন, এ কারণেই বাঘটি বেশ রোগা হয়ে গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক বাঘবিশেষজ্ঞ মনিরুল এইচ খান প্রথম আলোকে বলেন, এ বয়সের একটি সুস্থ বাঘিনীর ওজন হয়ে থাকে ১১৫ থেকে ২৮৫ কেজি। স্বাভাবিক খাবার থেকে বঞ্চিত হলে বাঘের ওজন দ্রুত কমে যেতে পারে।
বাঘটিকে উদ্ধারের ব্যাপারে বন বিভাগের বন্য প্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে প্রথম আলোকে বলেন, গত ৩০ জানুয়ারি সুন্দরবনের লাউডোপ এলাকায় একজন পর্যটক দুরবিন দিয়ে আহত বাঘটিকে দেখতে পান এবং ছবি তোলেন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ওই ছবি ছাপা হলে বন বিভাগ আহত বাঘটিকে উদ্ধারের উদ্যোগ নেয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঘটিকে উদ্ধার করতে এর সম্ভাব্য বিচরণক্ষেত্র খুলনার নলিয়ান বনফাঁড়ি এলাকায় তিনটি বিশেষ ধরনের ফাঁদ রাখা হয়। গত শুক্রবার একটি ফাঁদে আটকা পড়ে বাঘটি। পরে তাকে ট্রাকে করে গাজীপুর নেওয়া হয়।