আহত বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে আহত রহিমা বেগম (৯৫) গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে নুরু মোল্লা ও তাঁর মামা ওহাব মোল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওহাব মোল্লার পক্ষের লোকজনের লাঠির আঘাতে নুরু মোল্লার মা রহিমা বেগম গুরুতর জখম হন। আহত রহিমা বেগমকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।