আহত ব্যক্তির মৃত্যু, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইটাখোলা গ্রামে গত বৃহস্পতিবার ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত সুলেমান মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা গেছেন। ডাকাতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয় অধিবাসীরা গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সভা করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইটখোলা গ্রামের মুদি ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়িতে ঘরের দরজা ভেঙে সাত-আটজনের ডাকাত দল প্রবেশ করে। বাধা দেওয়ায় ডাকাতেরা ধারালো দা দিয়ে শাহজাহান আলীর বোন কমলা বেগম (৫০), ভাই সুলেমান মিয়া (৫৫), সুলেমানের স্ত্রী আছমা বেগম (৪৫) ও ছেলে সাহাব উদ্দিনকে (২৫) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত নয়টার দিকে সুলেমান মারা যান। এ ঘটনায় শাহজাহান আলীর স্ত্রী সাহেনা বেগম শুক্রবার রাতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা করেন।সুলেমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় বন্দে আলী যুব সংঘের উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বরমচাল-ভাটেরা সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় আড়াই শ লোক অংশ নেন। পরে ইটাখোলার একটি কমিউনিটি সেন্টারে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মছির উদ্দিন, খোরশেদ আলম, বিএনপি নেতা বদর উদ্দিন প্রমুখ। বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ডাকাতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।