কুষ্টিয়া সদর উপজেলার খর্দ বাখৈল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম দিয়ানত মণ্ডল ওরফে দিনু। তিনি বখতিয়ার হুসাইনসর্মথিত। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফসলি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বখতিয়ার হুসাইন ও খর্দ বাখৈল গ্রামের রবিউল মুন্সির সমর্থকদের মধ্যে ১১ ও ১৪ মার্চ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এর মধ্যে বখতিয়ারের পক্ষের দিয়ানতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন সকাল সাতটার দিকে বখতিয়ার হুসাইনসমর্থিত ২৫ থেকে ৩০ জন লোক লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষ কেরামত আলী ও জমারত আলীর বাড়িতে হামলা চালিয়ে তিনটি গরু নিয়ে যায়। এ সময় মহসীন মণ্ডলের বাড়ি থেকে কয়েক মণ রসুন ও বাড়ির মালামাল লুট করে হামলাকারীরা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মনির উদ্দিন বলেন, একজনের মৃত্যুর খবর শোনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।