আহত ব্যবসায়ীকে হাসপাতালে গিয়েও পেটাল সন্ত্রাসীরা
মারধর করে আহত করার পর হাসপাতালে গিয়েও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রেড অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলামকে পিটিয়েছে সন্ত্রাসীরা।আহত রায়হানুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে শহরের রায়হানুলের বাড়িতে তাঁর স্ত্রীর বড় বোন রুম্পা ও তাঁর স্বামী জাকির হোসেন দাওয়াত খেতে আসেন। রাতে একটি অটোরিকশা ভাড়া করে তাঁরা বাড়ি ফিরছিলেন। নিমতলা মোড়ে পৌঁছালে কামাল নামের এক সন্ত্রাসী অটোরিকশাটি থামিয়ে যানটিতে উঠে বসে। এর প্রতিবাদ করলে কামাল রুম্পা ও তাঁর স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অটোরিকশাটি থামিয়ে মুঠোফোনে তার সহযোগীদের ডেকে জড়ো করে। এ সময় জাকির হোসেন মুঠোফোনে রায়হানুলকে ঘটনাস্থলে ডেকে আনেন। রায়হানুল ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে তাঁর কপাল ও মাথায় আঘাত করে এবং মুঠোফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় ব্যক্তিরা রায়হানুলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে রায়হানুলের ওপর আবারও হামলা চালায়। তাকে রক্ষা করতে গিয়ে হাসপাতালের ওই বিভাগের চিকিৎসক-কর্মচারীরাও মারধরের শিকার হন বলে জানান হাসপাতালের আরএমও অসিত সরকার। সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।