আহত ভাইকে দেখে ফেরার পথে নিহত

ভাই আজ সকালে দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর শুনে ভাইকে দেখতে ছুটে গিয়েছিলেন স্কুলশিক্ষক তাহমিনা। সেখান থেকে দুশ্চিন্তা নিয়েই ফিরছিলেন তিনি। তবে আহমদ হোসেনের ক্ষেত্রে ঘটনা ছিল উল্টো। তিনি বেশ আনন্দে ছিলেন। আড়াই মাস আগে ছেলেকে বিয়ে দিয়েছেন। বাপের বাড়ি নাইওর যাওয়া পুত্রবধূকে নিয়ে আসতে যাচ্ছিলেন তিনি। যে দুজনের কথা এই প্রতিবেদনে বলা হচ্ছে, তাঁরা এখন জাগতিক চিন্তাভাবনা থেকে অনেক দূরে। তাঁরা কেউ এখন বেঁচে নেই।
আজ রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। হতাহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নে বানীগ্রাম বণিকের টেক এলাকায় বাস এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর পরই অটোরিকশার চালক পালিয়ে গেছেন।
এতে নিহত হন আহমদ হোসেন (৭০) এবং তাহমিনা আক্তার (৪০)। তাহমিনা আক্তার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা প্রেমাশিয়া উচ্চবিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষিক।
আহত হন মো. আরিফ (২৬), আছিয়া খাতুন (৫৫) ও পূরবী দে (৬২)। এর মধ্যে গুরুতর আহত আছিয়া খাতুন নিহত আহমদ হোসেনের স্ত্রী।
দুর্ঘটনাস্থলের পাশেই অবস্থিত একটি দোকানের মালিক প্রত্যক্ষদর্শী মো. জোবাইদ বলেন, ‘বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল এবং সিএনজিচালিত অটোরিকশা বাঁশখালী সদরের দিকে আসছিল। বাণীগ্রাম বণিকের টেক এলাকায় সড়কের বাঁকটি বড়। দুর্ঘটনার সময় এই স্থানে সিএনজি অটোরিকশাটির গতি বেশি ছিল। সিএনজি অটোরিকশাটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে আমার দোকানে সামনে এসে পড়ে। অটোরিকশায় চালকসহ ছয়জন ছিলেন।’
নিহত তাহমিনা আক্তারের ছোট ভাই আরাফাত উদ্দিন বলেন, তাঁদের আরেক ভাই চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাসসির মাওলানা বখতিয়ার উদ্দীন আল-কাদের আজ সকালে ঢাকা থেকে আসার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে তাঁকে দেখে বাড়ি ফিরে যাচ্ছিলেন তাঁর বোন তাহমিনা।
নিহত আহমদ হোসেনের বড় ছেলে মো. ইলিয়াস জানান, আড়াই মাস আগে তাঁর ছোট ভাই মো. মোস্তাকিমের সঙ্গে খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকার শাহিদা আক্তারের সঙ্গে বিয়ে হয়। পুত্রবধূকে আনতে তাঁর বাবা বেয়াইর বাড়িতে যাচ্ছিলেন।
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) অনজয় কুমার দে জানান, আহমদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর তাহমিনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মইজ্জারটেক এলাকায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর ঘণ্টা খানিক পর তাঁর পরিচয় পাওয়া যায়। আহত ব্যক্তিদের বাঁশখালী গুনাগরী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের পক্ষে কেউ মামলা করতে চাইলে লাশের ময়নাতদন্ত করা হবে। না চাইলে অপমৃত্যু হিসেবে গণ্য করা হবে।