আহত যুবলীগ কর্মীদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের আহত তিন নেতা-কর্মীকে হাসপাতালে নেওয়ার পথে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে বেধড়ক মারধর করেছেন।গত সোমবার রাত সাড়ে নয়টার সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই আহত ব্যক্তিদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়।আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সদস্য আবদুল ওয়াহেদ, মো. টিপু; চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রিপন, যুবলীগের কর্মী আবদুল মান্নান, মো. রাব্বি ও মো. জুয়েল।উপজেলার হাজিরহাট বাজারে সোমবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। গতকালের হরতালের সমর্থনে স্থানীয় বিএনপি মিছিল করার সময় ওই সংঘর্ষ বাধে।উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ফজলুল হক জানান, আবদুল ওয়াহেদ, টিপু ও রিপনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সটি ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছালে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে তা আটকে দেন। তাঁরা আহত ওই তিন রোগী এবং তাঁদের সঙ্গে থাকা তিন নেতা-কর্মীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে বেধড়ক মারধর করে ফেলে যান।