আহত র‍্যাবের গোয়েন্দাপ্রধানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান আহত লে. কর্নেল আবুল কালাম আজাদ
র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান আহত লে. কর্নেল আবুল কালাম আজাদ

সিলেটে জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে গতকাল রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। একই ঘটনায় আহত র‍্যাবের মেজর আজাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। সিএমএইচে চিকিৎসাধীন মেজর আজাদের অবস্থা উন্নতির দিকে। তাঁর জ্ঞান ফিরেছে।
গত শনিবার সন্ধ্যার পর বিস্ফোরণে আহত র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদের শরীরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা কয়েক দফা অস্ত্রোপচার করেন। তাঁর সারা শরীরে স্প্লিন্টার ছিল। মধ্যরাতে তাঁকে ও মেজর আজাদকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর তা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন শুক্রবার ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম, সোয়াট ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। প্রায় ৩০ ঘণ্টা ওই বাড়ি ঘিরে রাখার পর শনিবার সকালে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। ওই বাড়িতে আটকে থাকা বিভিন্ন ফ্ল্যাটের ৭৮ জন বাসিন্দাকে উদ্ধার করে তারা। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার পরপরই কাছাকাছি পাঠানপাড়া এলাকায় দুই দফা বিস্ফোরণ ঘটে।