আহত শিক্ষার্থীদের চিকিৎসা-সহায়তা দেবে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ২ ফেব্রুয়ারির হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা-সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ২ ফেব্রুয়ারি হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। দফায় দফায় ওই হামলায় রাবার বুলেট বিদ্ধসহ আহত হন শতাধিক শিক্ষার্থী। ঘটনার পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অবাঞ্ছিত ও দুঃখজনক ঘটনায় আহত কোনো শিক্ষার্থীর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হলে তাঁর সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘আমরা চাই যারা প্রকৃতপক্ষে আহত হয়েছে, তাদের চিকিৎসা সহায়তা দিতে। অনেকে চিকিৎসা নিয়েছে, তার পরও যদি কারও প্রয়োজন হয়, সে ক্ষেত্রে  আমরা সহায়তা করব।’