আহত শিক্ষার্থীরা শঙ্কিত ভবিষ্যতের চিন্তায়

>
- আহত তিনজন আন্দোলনে অংশ নিয়েছিলেন।
- অজ্ঞাতনামাদের গুলিতে আহত হয়েছেন তিনজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুরের বুকে গুলি, শাহরিয়ারের পিঠে ক্ষত। দুজনই এখন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর চোখে গুলির টুকরো নিয়ে হাসপাতাল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেফিন শেখ। চিকিৎসকেরা বলেছেন, তাঁরা শঙ্কামুক্ত। কিন্তু শিক্ষার্থীদের মনের শঙ্কা যায়নি।
আহত তিনজন কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে অংশ নিয়েছিলেন। অজ্ঞাতনামাদের গুলিতে আহত হয়েছেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন, ৮ এপ্রিল ক্যাম্পাসে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা রাত দুইটার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দেন। টিএসসি থেকে আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের কর্মীরা গুলি ছুড়তে ছুড়তে উপাচার্যের বাসভবনের দিকে সরে যান। সে সময় আশিকুর গুলিবিদ্ধ হন। শিক্ষার্থীরা জানিয়েছেন, ফাইলের ওপর ‘বুলেট ইনজুরি’ লেখা থাকলেও কারা আশিকুরের বুকে বা শাহরিয়ারের পিঠে গুলি করেছেন, তা জানতে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। আহত শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানাতে চান না। আপাতত আহত ব্যক্তিদের সুস্থতা ও তাঁদের ভবিষ্যৎ নিয়েই তাঁদের চিন্তা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের পরামর্শক ফারুক হোসাইন বলেন, আহত দুজনের অবস্থা ভালো। তাঁদের ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শাহরিয়ারের সমস্যা আলাদা। রসায়ন দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার শহীদুল্লাহ্ হলের গণরুমে থাকেন। তাঁর পিঠের ক্ষত এখনো শুকায়নি। গণরুমে এত মানুষের মধ্যে ক্ষতে সংক্রমণ দেখা দিলে কী করবেন তা নিয়ে চিন্তায় তিনি। এখন তাঁরা ভালো সেবা পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান একবার এসে দেখেও গেছেন।
গতকালই জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে গুলির ধাতব অংশ নিয়ে বাড়ি ফিরেছেন আরেফিন শেখ। ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, আরেফিনের চোখে গুলির ধাতব অংশটা রয়ে গেছে। সরাতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। আরেফিনের চোখে একটা অস্ত্রোপচার হয়েছে। দুই সপ্তাহ পরে তাঁকে আসতে বলা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কমপক্ষে চারজন আহত হয়ে হাসপাতালে যান। তাঁদের মধ্যে রোববার নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. তানভীর হাসান হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন। পুলিশের লাঠিপেটায় তানভীরের মাথা ফেটে গিয়েছিল।