আহত শ্রমিকের চাকরিচ্যুতি আইন মেনে: তালিসম্যান
রানা প্লাজার দুর্ঘটনায় আহত শ্রমিককে আইন মেনেই চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা ইপিজেডে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এফসিআই গ্রুপের কারখানা তালিসম্যান লিমিটেড।
আজ শনিবার সকালে রানা প্লাজা ধসের চার বছর উপলক্ষে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত এক সংলাপে তালিসম্যান লিমিটেডের শ্রমিক মো. বাকী বিল্লাহ অভিযোগ করেন, তাঁকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে।
এ নিয়ে প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তালিসম্যানের মানবসম্পদ বিভাগ ও কমপ্লায়েন্স উপদেষ্টা মো. আরিফ উজ জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রানা প্লাজায় আহত একজন শ্রমিককে সর্বোচ্চ সহানুভূতি দেখিয়েই ২০১৪ সালের ৫ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর কর্মের আর প্রয়োজন না থাকায় সব আইন অনুসরণ করেই গত বছরের ২০ অক্টোবর অব্যাহতি দেওয়া হয়। তাঁর আইনসংগত সব পাওনা পরিশোধ করা হয়েছে।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, বিদায় নেওয়ার পরও বাকী বিল্লাহ বিভিন্ন সময় তালিসম্যানের শীর্ষ কর্মকর্তাদের ই-মেইল করেছেন। এ পরিপ্রেক্ষিতে তাঁকে অপ্রয়োজনীয় ই-মেইল না পাঠানোর অনুরোধ করা হয়। পুনরায় ই-মেইল করলে আবার মামলা করা হবে, এ অভিযোগ মিথ্যা।
প্রতিবেদকের বক্তব্য
এ প্রতিবেদনে প্রথম আলোর কোনো বক্তব্য নেই। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে তালিসম্যান আইন ভঙ্গ করেছে। বাকী বিল্লাহ বলেননি যে তাঁকে পাওনা দেওয়া হয়নি। তবে তিনি বলেছেন, চাকরিচ্যুতির আগে তাঁকে নোটিশ দেওয়া হয়নি। তাঁর মতো আহত শ্রমিকদের চাকরিকে সহানুভূতির দৃষ্টিতে দেখার অনুরোধ করেছিলেন তিনি। ই-মেইল না করতে হুমকির বিষয়টি তাঁর বক্তব্য, প্রথম আলোর নয়।
এ প্রতিবেদনটি অনুষ্ঠানস্থল থেকেই ফোনে দেওয়া হয়েছিল। অনলাইনে তাৎক্ষণিকভাবে প্রকাশের কারণে তালিসম্যানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাতে পত্রিকার জন্য প্রতিবেদন লেখার সময় তাদের প্রতিবাদ হাতে আসে।