যশোর সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এদিকে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক নাসির উদ্দিন গত বুধবার গভীর রাতে ঢাকায় মারা গেছেন।
গতকাল যশোরে নিহত দুজন হলেন মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নছিমনচালক আজিজুল (৪৫) ও তাঁর ভাতিজা রবিউল ইসলাম (৩৫)।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের বজলু (২৬), মাহবুব (২৬), আহাদ (২৫) ও সোহাগ (৩০)। তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা নছিমনের যাত্রী ছিলেন।
পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নছিমনে করে মনিরামপুর থেকে যশোর শহরে যাওয়ার পথে সতীঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চাচা-ভাতিজা নিহত হন।
হতাহতের এ খবরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে কুষ্টিয়ায় ১৮ নভেম্বর ট্রাকের ধাক্কায় আহত সাংবাদিক নাসির উদ্দিন (৪৬) গত বুধবার দিবাগত রাত দেড়টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী শহরের এলঙ্গীপাড়ার বাসিন্দা। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার কুমারখালী প্রতিনিধি এবং কুমারখালীতে প্রতীক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক ছিলেন।
নাসিরের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেল করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাসির ও আবদুল ওহাব নামে আরও একজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।
আবদুর ওহাব ঢাকায় চিকিৎসাধীন। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলোর কুমারখালী প্রতিনিধি ও প্রথম আলো বন্ধুসভার কুমারখালী শাখার সাবেক সাধারণ সম্পাদক।