আহত সাংবাদিকসহ আটজনের বিরুদ্ধে পাল্টা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন ও আরও তিন সাংবাদিকসহ আটজনকে আসামি করে পাল্টা মামলা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের আলোচিত যুবলীগ নামধারী সন্ত্রাসী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী তাজুল ইসলাম বাদী হয়ে গত রোববার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি করেন।মামলায় বিল্লাল হোসেনকে প্রধান আসামি করে মোট চার সাংবাদিকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন যুগান্তর-এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী শিপলু, স্থানীয় দৈনিক ইয়াদ-এর স্টাফ রিপোর্টার আলমাস আলী, ফটোসাংবাদিক সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল বাশার, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম এবং স্থানীয় যুবক মনির হোসেন। এ ছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।মামলায় বাদী তাজুল ইসলাম অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় আসামিরা বিভিন্ন সময় তাঁকে হুমকি দেন। গত শনিবার রাতে আসামিরা মিলে তাজুল ইসলামকে মারধর করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ১৮ হাজার ৭০০ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মুঠোফোন লুট করেন। ওই সময় হামলাকারীরা তাজুল ইসলামকে প্রাণনাশেরও হুমকি দেন।সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা মামলা নেওয়া প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।পাল্টা মামলা সম্পর্কে মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন জানান, আমি সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর যারা ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল তাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে। উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে শনিবার রাত পৌনে ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় শুক্কুর আলী মার্কেটের নিচে মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নজরুল ইসলাম ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে।