আহত হরিণশাবককে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হাতে আহত হরিণশাবকটিকে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটায় শ্রীমঙ্গলে ৪৬ নম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বুধবার ভোর ছয়টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জ এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে আসে একটি মায়াহরিণ শাবক। পরে একদল দুর্বৃত্তের হাতে পড়ে শাবকটি। কাঁঠালতলি বিজিবি সীমান্ত ফাঁড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে দুর্বৃত্তরা শাবকটিকে জবাই করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কাঁঠালতলি বিজিবি সীমান্ত ফাঁড়ির কমান্ডার মো. মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে হরিণশাবকটিকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বেলা দেড়টায় হরিণ শাবকটিকে চিকিৎসার জন্য বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের কাছে হস্তান্তর করা হয়।
৪৬ নম্বর বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, হরিণশাবকটির গলায় এবং পায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। এ কারণে চিকিৎসার জন্য শাবকটিকে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুবেদার মেজর আবদুল আলিম, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব, বিকুল চক্রবর্তী, ইমন দেব চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, হরিণশাবকটি সুস্থ হলে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে সেটিকে বনে ছেড়ে দেওয়া হবে।