আহত ১০, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ছুরি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের নেতাসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি পাজেরো গাড়ি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদ্য বিলুপ্ত মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক এম এ মজিদ দীর্ঘদিন পর বেলা দেড়টার দিকে বাস টার্মিনালে যান। এ সময় আহ্বায়ক কমিটির নেতৃত্বাধীন শ্রমিকদের সঙ্গে মজিদ পক্ষের শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহ্বায়ক কমিটির পক্ষের শ্রমিকেরা মজিদকে বেধড়ক মারপিট করে তাঁকেসহ আরও ১০ জনকে আহত করেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ আরও জানায়, এ ঘটনায় শ্রমিক ও আওয়ামী লীগের নেতা মজিদের ব্যবহূত একটি পাজেরো গাড়ি ও তাঁর সমর্থকদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত সংঘর্ষ চলাকালে যাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। বেলা দুইটার দিকে সেখানে বিপুলসংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ বাস টার্মিনাল পুকুরের পাশ থেকে কচুরিপানা দিয়ে ঢাকা ৩৫টি ধারালো ছুরি উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মজিদ জানান, শ্রমিক ইউনিয়নের মেয়াদ শেষ না হতেই অবৈধভাবে কমিটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে লেবার কোর্টে আবেদন করা হলে আদালত তাঁর কমিটির পক্ষে রায় দিয়েছেন। রায়ের কাগজ নিয়ে বাস টার্মিনালে গেলে আহ্বায়ক কমিটির লোকজন তাঁকে মারপিট করেছেন।শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক সোলেমান আলী বলেন, সাধারণ সম্পাদক মজিদের ওপর অনাস্থা নিয়ে ১৭ সদস্যের কমিটির ১১ জন সদস্য পদত্যাগ করলে এই কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মজিদ লোকবল নিয়ে শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিতে এলে সাধারণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে বলে মন্তব্য করেন তিনি। কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেখানে উত্তেজনা বিরাজ করছে। এখনো কোনো মামলা হয়নি।