মঠবাড়িয়া চিতলমারী রাজাপুর ও দৌলতপুর: উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে হামলা-সংঘর্ষ
আহত ২৫, ১২ কার্যালয়ে আগুন
উপজেলা পরিষদ নির্বাচনের আগে পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাটের চিতলমারী, ঝালকাঠির রাজাপুর ও কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। ১২টি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রচার কাজের মাইক ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গল, বুধ ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মঠবাড়িয়া (পিরোজপুর): আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুর রহমানের সমর্থকেরা গত বুধবার সন্ধ্যায় পৌর শহরের পাথরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। রাত আটটার দিকে উত্তর মিঠাখালী গ্রামে যুবদল নেতা নুর নবীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় নুর নবীসহ তাঁর পরিবারের চার নারী আহত হন। রাত ১০টার দিকে ওই যুবকেরা সেখানে গিয়ে আবারও হামলা চালানোর চেষ্টা চালালে গ্রামবাসী তাঁদের ওপর পাল্টা হামলা চালায়। এতে ছাত্রলীগের সাত কর্মী আহত হন। মঙ্গলবার রাতে চরখগাছিয়া গ্রামের যুবদল কর্মী মো. টিপুকে হাতুড়িপেটা করা হয়। গত বুধবার দুপুরে সাপলেজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুর রহমান গাজী, বিএনপির কর্মী আবদুস সালাম, ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেন ও বিএনপি-সমর্থিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উমেঞ্চ সালমার মোটরসাইকেল চালক মো. সুমনকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। ওই দিন সকালে উপজেলার আলগী বাজারে বিএনপির কর্মী মো. ফরিদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাঁকে মারধর করা হয়। বিএনপি-সমর্থিত প্রার্থী রুহুল আমিন অভিযোগ করেন, প্রচারণায় বাধা ও হামলার ঘটনায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফুর রহমান বলেন, ‘মঠবাড়িয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এর জের ধরে তাদের নির্বাচনী প্রচারণায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। যার দায় আমার ও আমার কর্মীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আহসান হাবিব জানান, তিনি বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে।
বাগেরহাট: গতকাল বিকেলে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমানের সমর্থকদের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সহসভাপতি অহিদুজ্জামান পান্নার সমর্থকদের কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হন। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে সমকাল পত্রিকার চিতলমারী প্রতিনিধি পঙ্কজ কুমার মণ্ডল (৩৪) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে এবং অন্যদের পাশের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার সংঘর্ষ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঝালকাঠি: গত বুধবার রাতে রাজাপুর উপজেলার চুনপুরি বাজারে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামানের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে তাঁর কর্মীরা রাজাপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহসভাপতি জাহিদুল ইসলাম ও আমির খসরুর বাসা ভাঙচুর করেন। পরে তাঁরা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ১০টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। নাসিম উদ্দিন অভিযোগ করেন, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সহযোগিতায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা আমার ১০টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান বলেন, ‘উপজেলার চুনপুরী ও আঙ্গারিয়া গ্রামে তাঁর দুটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীরা। আমার কোনো কর্মী-সমর্থক কারও কার্যালয় ভাঙচুর করেনি।’
কুষ্টিয়া: দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী হাবলু মোল্লা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে প্রচার কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস ও দুটি মাইক ভাঙচুর করেন। হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ আল মামুন।