আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের লাখাই উপজেলায় গতকাল বুধবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ৩৩টি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মোল্লা ও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির মুড়াকরি ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। গতকাল সকালে লিয়াতক আলী পক্ষের মুড়াকরি গ্রামের একটি সেচ প্রকল্পের ব্যবস্থাপক মাহফুজ মিয়াকে জমিতে সেচ দিতে বাধা দেন আবুল হাশেমের লোক গিয়াস উদ্দিন।
এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৩টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি সামাল দেয়। আহতদের মধ্যে সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আবুল আশেম ও লিয়াকত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি।
তবে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সেচ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৪০ জন আহত হলেও কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।