মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও যুবদলের মধ্যে পাল্টাপািল্ট ধাওয়া ও সংঘর্ষে সাতজন আহত হয়েছেন৷ এ সময় একটি বাড়ি ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়৷ গতকাল বুধবার দুপুরে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরে এ ঘটনা ঘটে৷
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসার আধিপত্য নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল আক্তারের সঙ্গে যুবদলের কর্মী মুরাদ খানের দ্বন্দ্ব চলছিল৷ এরই জের ধরে গতকাল বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ এতে সাতজন আহত হন৷ আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের নেতা সোহেল (৩২), যুবদলের কর্মী সেরু (২৭) ও ফরহাদকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অন্যদের ঈশ্বরদীর বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে৷
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুই পক্ষের সন্ত্রাসীরা দেশীয় বিভিন্ন ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেমোহাম্মদপুরের রেল হাসপাতালের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এ সময় মুরাদপক্ষের একজনের বাড়ি ভাঙচুর ও আরেকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়৷ পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চলে আসছে৷ এই মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও যুবদলের মধ্যে একাধিকবার এলাকায় মারামারি, গোলাগুলি ও বোমাবাজিও হয়েছে৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, সম্প্রতি অস্ত্রসহ মুরাদকে গ্রেপ্তার করা হয়৷ সোহেলই তাঁকে ধরিয়ে দেন বলে সন্দেহ করে মুরাদপক্ষ৷ এরই জের ধরে সংঘর্ষ হয়৷ এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন৷