আহত ৮ জন ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জিগাতলায় পুলিশের কাঁদানে গ্যাসের শেলে ও লাঠিপেটায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। ছবি: প্রথম আলো
রাজধানীর জিগাতলায় পুলিশের কাঁদানে গ্যাসের শেলে ও লাঠিপেটায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। ছবি: প্রথম আলো

রাজধানীর জিগাতলায় পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুসরাত জাহান (২১), সুস্মিতা রয়েল লিসা (২৩), মারুফ (২২), তুষার (২৪), শিমন্তী (২৬); বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাকিন (২৩), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এনামুল হক (২৪) ও তামিম (২৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, ‘কারও আঘাতই তেমন গুরুতর নয়। আমরা তাঁদের চিকিৎসা দিচ্ছি।’

আহতরা শিক্ষার্থীরা জানান, গতকাল জিগাতলায় ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ও নিরাপদ সড়ক দাবিতে আজ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জিগাতলায় পৌঁছালে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে। এতে তাঁরা আহত হন। আহত শিক্ষার্থীরা আরও জানান, এ ঘটনায় আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাঁরা ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত লোকজনের মধ্যে এনামুলের মাথায় আঘাত আছে। এ ছাড়া সবার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।