সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের প্রশিক্ষণ কক্ষে হামলায় আহত চার প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু হামলাকারীরা রয়েছেন বহাল তবিয়তে।
অব্যাহতি পাওয়া চারজন হলেন গোয়াইনঘাটের লাউবিল গ্রামের বাসিন্দা ও জৈন্তাপুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ময়নুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান এবং খাইখলা গ্রামের বাসিন্দা একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র অলিউর রহমান ও আখলাকুল আম্বিয়া।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, ১ হাজার ২ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে সম্প্রতি শুরু হয় তিন মাসের মৌলিক প্রশিক্ষণ। ৫ এপ্রিল প্রশিক্ষণ কক্ষে বসার স্থান নিয়ে ময়নুলের সঙ্গে প্রশিক্ষণার্থী মো. আবদুল্লাহ, আবদুল খালিক ও রাজদুলাল চক্রবর্তীর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ওই দিন আবদুল্লাহর নেতৃত্বে প্রশিক্ষণ কক্ষে ময়নুলের ওপর হামলা হয়। তাঁকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও তিন প্রশিক্ষণার্থী আহত হন। তাঁদের মধ্যে দুজন সিলেটের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় ময়নুলের বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় আবদুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।
রুহুল আমিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, চিকিৎসা নিতে গিয়ে চারজনই প্রশিক্ষণে অনিয়মিত হয়ে পড়েন। অনুপস্থিতির বিষয়টি দেখিয়ে ন্যাশনাল সার্ভিস কর্তৃপক্ষ গতকাল জানায়, আজ (গতকাল) থেকে ময়নুলসহ চারজন আর প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না।
ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণের সমন্বয়ক আজহারুল কবির বলেন, প্রশিক্ষণের নিয়ম হচ্ছে, যাঁরা অনিয়মিত থাকবেন, তাঁদের অব্যাহতি দেওয়া হবে। চারজনকে এ কারণেই অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাঁরা চিকিৎসাধীন থাকার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সক্ষম হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। হামলা প্রসঙ্গে আজহারুল বলেন, এ নিয়ে মামলা হওয়ায় বিষয়টি পুলিশ দেখছে।
মামলার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘ঘটনাটি সরকারি প্রশিক্ষণ চলাকালে সংঘটিত হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। কর্তৃপক্ষের উচিত আসামিদের গ্রেপ্তারে পুলিশকে সহায়তা দেওয়া।’