আহতদের জন্য রক্ত সংগ্রহ, বেতন দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে রানা প্লাজা ধসে আহত ব্যক্তিদের জন্য ১৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী ও মাইক্রোফাইবার গ্রুপের পোশাকশ্রমিকেরা। অন্যদিকে হতাহত পোশাকশ্রমিকদের কল্যাণে এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।ভবনধসে আহত ব্যক্তিদের জন্য গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রসংসদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা ১০০ ব্যাগ রক্ত দান করেন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হবে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ১০০টি লাইট দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রসংসদের নেতারা।রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মির্জা কামাল উদ্দিন প্রমুখ। এর আগের দিন বৃহস্পতিবার ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা মাইক্রোফাইবার গ্রুপের শ্রমিকেরা ৫০ ব্যাগ রক্ত দান করেন। জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই রক্তদান কর্মসূচির সময় সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী, মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক আমিরুল হক, মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান, চিকিৎসক জহিরুল হক, জলিল আহমেঞ্চদ প্রমুখ উপস্থিত ছিলেন।সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী বলেন, সাভারে ভবনধসে মুমূর্ষু শ্রমিকদের বাঁচাতে মাইক্রো-ফাইবারের শ্রমিকেরা রক্ত দেওয়ার আগ্রহ প্রকাশ করলে শুধু নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ করা হয়। কেননা, আহতদের জন্য নেগেটিভ গ্রুপের রক্তের সংকট রয়েছে।এক দিনের বেতন দান: নারায়ণগঞ্জ শহরের নতুন কোর্ট এলাকায় অবস্থিত রপ্তানিমুখী মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার হাজার শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা তাঁদের এক দিনের বেতন সাভারে ভবন ধসে হতাহত শ্রমিকদের কল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালক মাসুদুজ্জামান সাংবাদিকদের জানান, এক দিনের বেতন প্রায় ১৫ লাখ টাকা দেওয়া হবে।ত্বকী মঞ্চের সমাবেশ স্থগিত: সাভারে ভবনধসের ঘটনায় গতকাল বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা মাঠে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পূর্বঘোষিত সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। তবে বিকেলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে।