আহতদের দেখতে হাসপাতাল গেলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে বহুতল ভবনধসের ঘটনায় আহত পোশাকশ্রমিকদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে গতকাল রোববার রাজধানীর দুটি হাসপাতালে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং ওসমানী সঞ্চৃতি মিলনায়তনে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। খবর বাসসের।শেখ হাসিনা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত শ্রমিকদের চিকিৎসা এবং তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান, হাসপাতালের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের প্রত্যেককে জরুরি ব্যয় নির্বাহের জন্য নগদ ১০ হাজার টাকা ও নারী শ্রমিকদের শাড়ি দেন। তিনি আরও বলেন, সরকার আহত লোকজনের চিকিৎসা, খাবার ও পরিবহনের ব্যয় বহন করবে। এ ছাড়া প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য তাঁদের সম্ভাব্য সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দেন।