আহতদের ভুলতে বসেছেন অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ২০ জনের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। ছবি: ইউসুফ সাদ
মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ২০ জনের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। ছবি: ইউসুফ সাদ

চেক নেওয়ার জন্য যখন মোসাম্মত্ ইতি খাতুনের নাম ঘোষণা করা হলো, তখন মা রেবেকা বেগম ক্ষিপ্র হাতে মেয়ের হাতে ধরিয়ে দিলেন ক্র্যাচ। রানা প্লাজার নিউ ওয়েভ গার্মেন্টসে এই ইতি পা-মেশিনে কত না কাপড় বুনেছেন একদিন।

আজ রোববার প্রথম আলো কার্যালয়ে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে ইতির মতো ২০ জনের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকার চেক। এঁদের প্রায় সবাই রানা প্লাজা ধসের পর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছিলেন। আজ তাঁরা অভিযোগ করছিলেন, অনেকেই তাঁদের ভুলতে বসেছেন। অনেকেই রানা প্লাজার নাম শুনলে এড়িয়ে চলার চেষ্টা করেন, হাত বাড়ানো দূরে থাক।

প্রথম আলো ডটকমকে ইতি বলেন, ‘আমার পায়ে রড ঢুকানো হয়েছিল এনাম হাসপাতালে। প্রতিমাসে ঝিনাইদহ থেকে একবার আসতে হয় ঢাকায়। একবার আসি নাই, দেখি ভাঙা জায়গায় পুঁজ জমে গেছে। এইবার পায়ের একটা স্ক্রু খুলতে ২২ হাজার টাকা খরচ হয়েছে। আরও তিনটি স্ক্রু আছে পায়ে। এগুলো খুলতেই জমানো টাকা শেষ হয়ে যায় কি না....।’ শরীরে যন্ত্রণা, তারপর ঘরে ছোট ভাই, বাবা নেই। বারবার অনুরোধ সত্ত্বেও বিলটা কমেনি ইতির।

ইতি খাতুনের মতো ক্র্যাচ ছাড়া হাঁটতে পারেন না নার্গিস আক্তার। নাম ঘোষণার পর অন্যের সাহায্য নিয়ে ছোট ছোট লাফ দিয়ে এলেন তিনি। প্রথম আলো ডটকমকে জানালেন তাঁর অসহায়ত্বের কথা। আয়েশা বেগমের পায়ের ওপর কংক্রিটের চাঁই পড়েছিল। তাঁর গলা উদ্ধারকারীদের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। একপর্যায়ে একজনের প্যান্টের একটা অংশ টেনে ধরেছিলেন। তিনিই পরে টেনে বের করেন আয়েশাকে। আয়েশা প্রাণে বেঁচে গেছেন, কিন্তু পায়ের হাড়টা জোড়া লাগেনি, লাগবে কি না, আবারও হাঁটতে পারবেন কি না, সে সংশয় দূর হয়নি।
মো. জুয়েল সরকারকে খালি চোখে দেখলে সুস্থই মনে হয়। আদতে তা নয়। তাঁর ভাষায়, শরীরের ভেতর রক্ত জমাট বেঁধে আছে। নিয়মিত সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে আনতে হয়। ১১ বছরের মেয়ে আছে একটি, মাস গেলে ১৩ হাজার টাকা বেতন পেতেন। মাসের পর মাস চলে যাচ্ছে বেতন পান না আর। ভবিষ্যতে কী করবেন, জানেন না। এঁরা সবাই এখন কাজ চান।
প্রথম আলো ট্রাস্ট ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেছেন, ‘বাংলাদেশে রানা প্লাজার মতো একটা দুর্ঘটনা ঘটার দায় আমরা এড়াতে পারি না। আমরা পুরো জাতির পক্ষ থেকে ক্ষমা চাই।’ তিনি বলেন, ‘যাঁরা রানা প্লাজা ধসে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁরা মহত্ত্বর মানুষ।’
আজ চেক প্রদান অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজের বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান সবাইকে পেছনের কথা ভুলে সামনে এগোনোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটির আয়োজক প্রথম আলো ট্রাস্ট।