আহতদের মধ্যে এখনো আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোজ বড়ুয়ার চোখে-মুখে এখনো আতঙ্ক। হাসপাতালের বিছানায় ব্যথায় কাতর মনোজ গতকাল সোমবারের রীমা কনভেনশন সেন্টারের বিভীষিকাময় মুহূর্তগুলো এখনো ভুলতে পারছেন না। জীবন নিয়ে আর ভয় নেই তাঁর। কিন্তু পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর খবর তাঁর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ওই তালিকায় নিজেও থাকতে পারতেন, এমনটি ভাবতেই দুচোখ দিয়ে কান্না ঝরল মনোজ বড়ুয়ার।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে তিনি গতকালের ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রতি ভালোবাসা থেকেই গিয়েছিলাম। প্রথমে কাজীর দেউড়ির ভিআইপি ব্যাংকুয়েট, পরে লাভলেনের স্মরণিকা ক্লাবে যাই। কৌতূহল এবং ভালোবাসা থেকেই গিয়েছি। খাওয়া বড় বিষয় নয়।’

মনোজ আরও বলেন, ‘পরে রীমাতে যাই। সেখানে হঠাৎ করে পুরো ফটক খুলে দিলে হুড়মুড় করে ঢুকতে থাকে সবাই। এর মধ্যে একজন পড়ে যায় ঢালুর মধ্যে। পরে তার ওপর গিয়ে আরও কয়েকজন পড়ে। একপর্যায়ে আমিও পড়ে যাই। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে লোকজন। পরে যখন শুনলাম ১০ জন মারা গেছে, তখন বুকটা মোচড় দিয়ে উঠল।’

মনোজের পাশের শয্যায় রয়েছেন মো. হারুন নামের একজন। তিনিও বুকে ব্যথা পান।
ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। ছয়জনই আশঙ্কামুক্ত বলে জানালেন ওয়ার্ডের সহকারী অধ্যাপক ঋভুরাজ চক্রবর্তী।

এই ছয়জনসহ চমেক হাসপাতালে মোট ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তিনজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে পদদলিত হয়ে নিহত ১০ জনের শেষকৃত্য রাতে এবং আজ সকালে সম্পন্ন হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারে এখনো চলছে শোকের মাতম। ঝুন্টু দাশের বৃদ্ধা মা মিলনবালার দাশের কান্না থামছেই না। আজ মঙ্গলবার সকালে তাঁর বাসায় গেলে দেখা যায়, কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে এই বৃদ্ধার। ‘ছেলের আগে কেন আমাকে নিল না ভগবান’ বলেই বুক চাপড়াতে থাকেন মিলনবালা।

ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রীমা কনভেনশন সেন্টার। জেলা প্রশাসনের পাশাপাশি নগর পুলিশও এই ঘটনা তদন্তে পৃথক একটি কমিটি গঠন করেছে। এই ঘটনায় চকবাজার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।