আহতদের সহায়তা দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনস লিমিটেডের আহত শ্রমিকেরা সরকারি সহায়তা পেতে শুরু করেছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে গতকাল মঙ্গলবার ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই চেক গতকাল সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হস্তান্তর করা হয়। তবে আহতের তালিকায় নাম না থাকায় অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন।তাজরীন ফ্যাশনসের তিনতলায় হেলপারের কাজ করতেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিয়াবাড়ী গ্রামের হেনা বেগম ও তাঁর মেয়ে সুমি আক্তার। অগ্নিকাণ্ডের পর তিনতলা থেকে লাফিয়ে পড়ে তাঁরা আহত হন। হেনার বাম হাত ও কোমরের হাড় ফেটে যায়। বুকে ব্যথা পান সুমি।হেনা প্রথম আলোকে বলেন, ঘটনার পর প্রথমে তাঁদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মেয়ে সুস্থ হলেও নিজের অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসার খরচ জোগাতে না পেরে একপর্যায়ে তিনি নিশ্চিন্তপুরের ভাড়া বাসায় চলে আসেন। কয়েক দিন পর ভর্তি হন সাভারের সুপার ক্লিনিকে। ওই ক্লিনিক থেকে দিন পাঁচেক আগে বিজিএমইএ কর্তৃপক্ষ তাঁকে রাজধানীর শ্যামলীর ট্রমা সেন্টারে ভর্তি করিয়ে দেয়। এর পরও তালিকায় নাম না থাকায় তাঁরা আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল আহত শ্রমিক মুর্শেদা, পারভীন, আমিনা, রূপালী ও জরিনাকে ৫০ হাজার টাকা করে আড়াই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ ছাড়া সান্ত্বনা, মাসুদ রানা, রমেচা বেগম, শ্যামলী, ফাতেমা, শামসুর নাহার ও মোমিনুর রহমানের আর্থিক সহায়তার চেক স্থানীয় প্রশাসনের কাছে জমা রয়েছে। উপযুক্ত প্রমাণসহ যোগাযোগের পর তাঁদের চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পিআইও মো. আবদুল মতিন সরকার।পিআইও আবদুল মতিন বলেন, উপজেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে ৫৮ জন আহত ব্যক্তির তালিকা পাঠানো হলেও বিজিএমইএর পক্ষ থেকে পাঠানো হয়েছে ৬৭ জনের তালিকা। এ কারণে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। তবে গত সোমবার শ্রম মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে আবার আহত ব্যক্তিদের নির্ভুল তালিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে। আয়নাল ও ফাতেমার নামের তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। তাঁদের পরিবারও সহায়তার টাকা পাবে।