
ধসের প্রায় তিন বছর পরও সাভারে রানা প্লাজার ৫৮ দশমিক ৪ শতাংশ বা ৭৬০ জন আহত শ্রমিক দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগছেন। তবে ৩৭ দশমিক ৩ শতাংশের অবস্থা ভালোর দিকে। আর ৪ দশমিক ৩ শতাংশ শ্রমিক একদম ভালো হয়ে গেছেন।
বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশের এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। গত মাসে টেলিকনফারেন্সের মাধ্যমে এই জরিপে রানা প্লাজা ধসে আহত ১ হাজার ৩০০ শ্রমিক অংশ নেন। তাঁদের মধ্যে ৬৫ শতাংশ নারী ও ৩৫ শতাংশ পুরুষ। এ ছাড়া ভবনধসের ঘটনায় নিহত শ্রমিক পরিবারের ৫০০ জন সদস্য জরিপে অংশ নেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর তৃতীয়বারের মতো জরিপ করল সংস্থাটি।
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল শনিবার অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত ‘বহুপাক্ষিক সংলাপ: রানা প্লাজা ধসের তিন বছর ও পোশাকশিল্পের অগ্রগতি’ শীর্ষক অনুষ্ঠানে জরিপে উঠে আসা তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়। সংস্থার এদেশীয় পরিচালক ফারাহ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাকশনএইডের কর্মকর্তা নুজহাত জেবিন। তিনি বলেন, জরিপে অংশগ্রহণকারীদের কাছে শারীরিক ও মানসিক অবস্থা, কাজ, আয়-ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি জানতে চাওয়া হয়।
দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগলেও আহত শ্রমিকদের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। জরিপের তথ্য বলছে, বর্তমানে ৭৮ দশমিক ৮ শতাংশ শ্রমিকের শারীরিক অবস্থা ভালো। তবে ১৪ দশমিক ৬ শতাংশ শ্রমিক বলছেন, তাঁরা মাথাব্যথা, হাতে-পায়ে ব্যথা, কোমরে ব্যথাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন।
রফিক খান নামের এক আহত শ্রমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রানা প্লাজা ধসের ১৯ ঘণ্টা পর আমাকে উদ্ধার করা হয়। সাত দিন আমার কোনো জ্ঞান ছিল না।’ তিনি বলেন, চিকিৎসার পরও পুরোপুরি সুস্থ হননি। মেরুদণ্ড ও পায়ে ব্যথার কারণে হাঁটতে পারেন না। ঠিকমতো দাঁড়াতে সমস্যা হয় তাঁর।
সাড়ে তিন লাখ টাকার মতো অর্থসহায়তা পেয়েছেন রফিক খান। একটি মুদি দোকান দিয়েছেন তিনি। তবে ব্যবসায় ক্রমাগত লোকসান গুনছেন। তিনি বলেন, ‘যেভাবে চলছে সেটিকে চলা বলে না। খুবই কষ্টে আছি।’ নিজের চিকিৎসার খরচ দেওয়ার আবেদন জানান তিনি।
নাজমা নামের আরেক আহত শ্রমিক বলেন, ‘আমার মাথায় এখনো ব্যথা করে।’
জরিপের তথ্য ও শ্রমিকদের কথা শুনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, স্বাস্থ্যগত ঝুঁকি এখনো বড় বিষয়। এটি এড়ানোর কোনো সুযোগ নেই। আহত শ্রমিকদের স্বাস্থ্যগত মূল্যায়ন করে যে অর্থসহায়তা দেওয়া হয়েছে, সেটি পর্যাপ্ত নয়। এ জন্য দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে সরকার ‘হেলথ কার্ড’ দিতে পারে। যে কার্ডটি দেখিয়ে আহত ব্যক্তিরা স্থানীয় সরকারি হাসপাতাল থেকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ পেতে পারেন।
আহত শ্রমিকদের কাজে ফেরার হার অবশ্য বাড়ছে। জরিপে বলা হচ্ছে, আহত শ্রমিকদের ৫১ দশমিক ৮ শতাংশই কোনো না কোনো ব্যবসা করছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৩ শতাংশ ছোট ব্যবসায়ী। সাড়ে ২১ শতাংশ আবার পোশাক কারখানায় কাজ নিয়েছেন। টেইলার্সে, মুদি দোকানে, কৃষিকাজে, গৃহকর্মীর কাজে ও প্রতিষ্ঠানে কাজ করছেন অনেকে। তবে আহত ব্যক্তিদের ৪৮ দশমিক ২ শতাংশ এখনো সাময়িকভাবে বেকার।
রানা প্লাজা ধসে আহত অধিকাংশ শ্রমিকই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সব মিলিয়ে শতকরা ৩০ জন শ্রমিক কোনোমতে সংসার চালাচ্ছেন। আহত শ্রমিকের ৭ শতাংশের মাসিক আয় এখন ৫ হাজার টাকার নিচে। ৪১ শতাংশের আয় ৫ থেকে ১০ হাজার টাকা। ৩০ শতাংশের আয় ১০ থেকে ১৫ হাজার টাকা। ১৪ দশমিক ৮ শতাংশের মাসিক আয় ১৫ থেকে ২০ হাজার টাকা। আর ২০ হাজার টাকার ওপরে মাসিক আয় সাড়ে ৬ শতাংশ শ্রমিকের।
অন্যদিকে ভবনধসে অধিকাংশ নিহত শ্রমিকের পরিবারে বর্তমানে উপার্জনক্ষম সদস্য মাত্র ১ জন। ৯ দশমিক ৮ শতাংশ পরিবারের মাসিক আয় ৫ হাজার টাকার নিচে। ৪৫ দশমিক ৪ শতাংশের আয় ৫ থেকে ১০ হাজার টাকা। ১০ থেকে ১৫ হাজার টাকা আয় আছে ২৪ দশমিক ৮ শতাংশ পরিবারের। তবে ৩ দশমিক ৮ শতাংশের মাসিক কোনো আয় নেই।
অ্যাকশনএইডের জরিপে অংশ নেওয়া আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারের সদস্যরা জানান, মোট মাসিক আয়ের ৬১ শতাংশই খাবার কিনতে ব্যয় হয়। ১৫ শতাংশ আয় ঘর ভাড়া দিতে চলে যায়। বাচ্চাদের পড়াশোনায় সাড়ে ১২ শতাংশ আয় খরচ হয়। চিকিৎসায় ব্যয় সাড়ে ৮ শতাংশ।
রানা প্লাজা ধসের পর পাওয়া আর্থিক সহায়তার ৩৩ ভাগই ধারদেনা শোধ করতে খরচ হয়েছে বলে জানালেন জরিপে অংশ নেওয়া আহত শ্রমিকেরা। তাঁরা বলছেন, সহায়তার ৪৯ ভাগ অর্থ ব্যয় হয় খাবার, ওষুধ ও সংসারের দৈনন্দিন কাজে। আর ১৬ ভাগ অর্থ সঞ্চয় কিংবা বিনিয়োগ হয়েছে।
ভবিষ্যতে কী করতে চান—এই প্রশ্ন জরিপে অংশ নেওয়া আহত শ্রমিকদের করেছিল অ্যাকশনএইড। জবাবে ৭৮ দশমিক ৮ শতাংশ শ্রমিক বলেছেন, তাঁরা নিজেরা ব্যবসা করতে চান। পোশাক কারখানায় কাজ করতে চান ৪ দশমিক ৮ শতাংশ শ্রমিক। তবে ১০ শতাংশের কোনো পরিকল্পনা নেই।