
মেয়েটির ডান হাতে স্যালাইন। পুরো বাঁ পা ব্যান্ডেজ জড়ানো। সমানে হাত-পা ছুড়ছে। মর্মভেদী চিৎকার করছে উহ্-আহ্ করে। বাবা-মা জোর করে হাত-পা ধরে রাখলেও তার চিৎকার থামাতে পারছেন না। গত ৪৮ ঘণ্টায় কেউ তার চিৎকার থামাতে পারেনি। ভাঙা পা’টা ‘দ’ অক্ষরের মতো বাঁকা হয়ে আছে। ব্যান্ডেজ করার সময় তা সোজা করেও দেওয়া হয়নি।
ওর অভিভাবকেরা বলছেন, চিকিৎসকদের ডেকেও ঠিকমতো পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে চিকিৎসা বাবদ কোনো টাকাও পাননি। নাটোরের সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিলকিস এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ১১ নম্বর শয্যায় চিকিৎসাধীন। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। হাসপাতালের এই বিভাগেই চিকিৎসাধীন রয়েছেন নাটোরের সড়ক দুর্ঘটনায় আহতরা। তাঁদের আর্তনাদে ভারী হয়ে আছে কক্ষের পরিবেশ।
বিলকিসের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ছাইগোলা গ্রামে। সে তার বড় বোনের চিকিৎসার জন্য বোন ও ভগ্নিপতির সঙ্গে নাটোর হাসপাতালে এসেছিল। তাদের সঙ্গে বোনের দুই সন্তানও ছিল। চিকিৎসা শেষে বোনের বাসায় বড়াইগ্রামে যাওয়ার জন্য নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ নামের বাসে উঠেছিল। দুর্ঘটনায় তাদের পাঁচজনই আহত হয়েছে। তার বোন, ভগ্নিপতি ও বাচ্চারা নাটোরে চিকিৎসাধীন রয়েছে।

বিলকিসের মা জয়নব খাতুন বলেন, তাঁরা এই দুর্ঘটনার কথা জানতেনই না। গত মঙ্গলবার ভোরের দিকে তাঁরা খবর পেয়েছেন। বিলকিসের বাবা আজাহার ফকির বলেন, দুর্ঘটনার পর মেয়েটি চেতনা হারায়। এখন তার ভাঙা পা খানা উঁচুনিচু হয়ে আছে। মেয়েটি যন্ত্রণায় কাতরাচ্ছে। আর হাত-পা ছুড়ছে। তাঁরা থামাতে পারছেন না। চিকিৎসকদেরও ডেকে পাচ্ছেন না।
বিলকিসের মতো একই বিভাগের ২৮ নম্বর বিছানার পাশের মেঝেতে চিকিৎসাধীন আছেন সাথী খাতুন (২২)। দুর্ঘটনার পর থেকে অচেতন। সাথীর বাড়ি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় গ্রামে। হাসপাতালে ভর্তির দিন থেকে তাঁর মা ফাতেমা বেগম তাঁর পাশে বসে আছেন। মেয়ে একবারও চোখ মেলে তাকায়নি। তিনি জানান, সাথী এবার এইচএসসি পাস করেছেন। নাটোরে তাঁর বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনিও অথৈ বাসের যাত্রী ছিলেন।
একই বিভাগের ২৫ নম্বর শয্যায় অচেতন হয়ে পড়ে আছেন কৃষক আবদুল হান্নান (৫০)। তাঁর বাড়ি গুরুদাসপুর উপজেলার চরকাদাহ গ্রামে।
একই উপজেলার চাঁচকৈড় গ্রামের আবদুল ওহাব (৭৫) আছেন ২৯ নম্বর শয্যায়। তিনি একজন কবিরাজ। নাটোরে ওষুধ কিনতে এসেছিলেন। তাঁর নাতি সাদ্দাম হোসেন বলেন, তাঁর দাদা প্রায় অচেতন হয়ে আছেন।
পাবনার চাটমোহর উপজেলার আঞ্জুমান আরা এক নম্বর শয্যার পাশের মেঝেতে রয়েছেন। তিনি তাঁর স্বামীর সঙ্গে নাটোরে কানের চিকিৎসা করাতে এসেছিলেন। আহত হওয়ার পর তাঁর স্বামীকে বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর তাঁকে রাজশাহীতে আনা হয়েছে। আঞ্জুমান আরার চোখ-মুখ-নাক থেঁতলে গেছে।
তিন নম্বর শয্যার পাশে মেঝেতে পড়ে আছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের সোনাভান (৫০)। তিনি ভাইয়ের সঙ্গে নাটোরের আদালতে জমিজমার মামলার কাজে এসেছিলেন। এই দুর্ঘটনায় তাঁর ভাই রহমত মারা গেছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনজন অচেতন অবস্থায় রয়েছেন। এঁদের দুজন হলেন বড়াইগ্রামের স্কুলশিক্ষক আজাদুল বারি ও ঢাকার টেক্সটাইল মিলের কর্মী মোশাররফ হোসেন (২৫)। আরেকজনের পরিচয় মেলেনি। তাঁর এক স্বজন জানান, দুর্ঘটনার এক দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি এসেছেন। ঘটনার দিন একটি কাজে ঈশ্বরদী গিয়েছিলেন।
টুকরো টুকরো গল্প: জীবিকার তাগিদে সৌদি আরব ছিলেন সেন্টু মণ্ডল (২৫)। সেখানে থাকতেই চিরতরে হারান মাকে। শেষ দেখাটা হয়নি তাঁর সঙ্গে। বাবার সঙ্গেও এমনটা ঘটে কি না, তেমন শঙ্কা থেকে কয়েক বছর আগেই চাকরি ছেড়ে দেশে ফেরেন তিনি। কিন্তু বাবার সঙ্গেও মিলল না তাঁর শেষ দেখাটা।
সড়ক দুর্ঘটনায় সেন্টুর বাবা ও পাঁচ চাচা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সেন্টু। গত মঙ্গলবার তাঁর বাবার দাফন হয়ে গেছে। তিনি পড়ে আছেন হাসপাতালেই। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র চাচা আবদুর রহমান (৪৫) ছাড়াও সেন্টু মণ্ডল ও তাঁর ছয় ভাই (চাচাতো ভাইসহ) আহত হয়ে হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। তাঁদের ছয়জন রাজশাহী মেডিকেলে ও দুজন নাটোরের হাসপাতালে। নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামে সেন্টুর বাড়ি।
সেন্টুর আপন ভাই মারাত্মক আহত শহীদুল ইসলাম জানান, তাঁরা নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ গাড়ির ছাদে ছিলেন। ছাদটিতে ছিলেন ৩৯ জন। একেবারে সামনে বসেছিলেন তিনি। অপর বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষকালে তাঁরা নিচে ছিটকে পড়েন। তাঁর ডান পা ঊরুর কাছ থেকে ভেঙে উল্টে গিয়ে গলার কাছে চলে আসে। পাশেই পড়ে ছিলেন চাচা ছইর মণ্ডল। নড়াচড়া করছিলেন তিনি। সড়ক থেকে উঠে বসার চেষ্টা করছিলেন প্রতিবেশী আলাল শেখ। কিন্তু তাঁদের চাপা দিয়ে চলে যায় আরেকটা গাড়ি।
শহীদুলের পাশের শয্যায় থাকা বড় ভাই পাসু মণ্ডলের অবস্থাও করুণ। পাসু মণ্ডল বলেন, ‘বাবা, চাচারা পাশে মইরে পড়ে ছিলেন, কিছুই বলতে পারিনি। শুধু তাকাইয়ে দেখছি।’ চাচাতো ভাই আবিদুল মণ্ডল এক বেলা ভটভটি চালাতেন, আরেক বেলা কলেজে যেতেন। তাঁর হাত-পা ভেঙে গেছে। আরেক চাচাতো ভাই সুমন মণ্ডলের পায়ে লম্বা ব্যান্ডেজ। সরকার থেকে চিকিৎসা খরচ বহন করার কথা। কোনো খরচ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, গজ-ব্যান্ডেজ পর্যন্ত কিনতে হয়েছে। এখন পরে দেবে কি না, তাঁরা জানেন না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, যেসব ওষুধ হাসপাতালের বাইরে থেকে কিনতে হবে বা যেসব পরীক্ষা বাইরে করাতে হবে, সেগুলোর ভাউচার জমা দিতে হবে। সবাই এ খবরটি পাননি। তাঁরা ঠিকমতো ভাউচারও রাখতে পারছেন না। শুধু ওষুধ নিয়েই দৌড়াচ্ছেন।