আহতের কারণ নিয়ে দুই মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় গত শনিবার রাতে একটি পণ্যবাহী ট্রাক ও প্রাইভেট কারে পেট্রলবোমা হামলার পর রাতেই পাশে এক বিএনপি নেতার চালকলে হামলা চালিয়ে প্রায় দুই হাজার বস্তা চাল পুড়িয়ে দিয়েছে মুখোশধারী লোকজন। এরপর গতকাল রোববার সকালে ওই নেতাকে চালকল থেকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
তবে পুলিশ বলছে, ওই নেতাকে গণপিটুনি দিয়ে তাদের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। কিন্তু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তাঁর পায়ে সম্ভবত অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। ওই নেতার নাম খোরশেদ আলম। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গুরুতর অবস্থায় তিনি পুলিশি হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খোরশেদের বোন মুন্নি বেগম মুঠোফোনে জানান, তাঁর ভাইকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিয়ে ওয়ার্ডে রাখা হয়েছে। কিন্তু তাঁর সঙ্গে তাঁদের দেখা করতে দিচ্ছে না পুলিশ।
গতকাল বিকেল পাঁচটার দিকে বিষয়টি জানতে হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে গণমাধ্যমের ক্যামেরার সামনে চিকিৎসক মীর্জা আকতারুজ্জামানের সঙ্গে যশোর কোতোয়ালি থানার ওসি ইনামুল হকের বাগ্বিতণ্ডা চলছে। ওসি চিকিৎসকের কাছে জানতে চান, ‘খোরশেদ গুলিতে আহত হয়েছেন’— এমন মন্তব্য তিনি সাংবাদিকদের কাছে করেছেন কি না। তখন চিকিৎসক আকতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, গুলিতে তিনি আহত হতে পারেন। তবে এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চূড়ান্ত মন্তব্য করবেন।
ওসি ইনামুল ওই চিকিৎসকের কাছে তাঁর বাড়ির ঠিকানা জানতে চান। বলেন, খোরশেদ যে গুলিতেই আহত হয়েছেন সেটি তাঁকেই (চিকিৎসক) প্রমাণ করতে হবে। না হলে তাঁর সঙ্গে সরকারের বোঝাপড়া আছে বলে হুমকি দেন ওসি। পরে ওসি ইনামুল সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসক মুখে বলছেন, গুলিতে খোরশেদ আহত হয়েছেন। অথচ ভর্তি খাতায় তিনি লিখেছেন পাবলিক অ্যাসাল্ট (গণপিটুনি)।’
ওসি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ও প্রাইভেট কারে পেট্রল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক নাজিমউদ্দিন (২৫) অগ্নিদগ্ধ হন। ওই ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক কবির হোসেন মোল্লা গতকাল থানায় মামলা করেছেন।