
এ এক অন্য রকম প্রদর্শনী। দেশের অগ্রগণ্য শিল্পীরা বিনা মূল্যে ছবি দিয়েছেন। তাঁরা নিজেদের ছবির দাম নির্ধারণ করে দেননি। ছবি পছন্দ করে ক্রেতারা আহনাফের চিকিত্সার জন্য যে দাম দেবেন, সেটাই তাঁরা নিতে বলেছেন আয়োজকদের।
নূরে সাফী আহনাফ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। মেধাবী। পরীক্ষায় নিরঙ্কুশ ভালো ফলের পাশাপাশি পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমেও সে অনন্য। এই দীপ্তিমান প্রাণবন্ত তরুণ আজ দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিত্সকেরা বলেছেন, রোগটি প্রাথমিক পর্যায়েই শনাক্ত হয়েছে। যথাযথ চিকিত্সা হলে বেঁচে যাবে আহনাফ। কিন্তু এই চিকিত্সার ব্যয় কোটি টাকা ছাড়িয়ে যাবে। কে দেবে টাকা? আহনাফের মা-বাবা সাধারণ চাকুরে। বোন ছাত্রী। উপায় কী তবে? মায়ের অশ্রুধারা, বাবার হাহাকার, বোনের বুকফাটা দীর্ঘশ্বাস কি থামার নয়?

কিন্তু এটা তো বাংলাদেশ। এ পলিমাটির দেশের মানুষের হূদয় আকাশের মতো বড়। তাঁরা দল বেঁধে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ায়। ব্যক্তি মানুষের দুর্যোগেও সাহায্যের উদার হাত বাড়িয়ে দেয়। সেই মানবিক চিত্রটিই উজ্জ্বলভাবে দৃশ্যমান হলো এখানে। আহনাফের সহপাঠীরা, শিক্ষকমণ্ডলী, কলেজের পুরোনো ছাত্ররা সবাই সর্বশক্তি নিয়োগ করেছেন চিকিত্সার টাকা তোলার জন্য। মানুষ তাঁদের ফিরিয়ে দেয়নি। সফল হতে চলেছে প্রয়োজনীয় টাকা সংগ্রহের এই উদ্যোগ। এরই অংশ হিসেবে গতকাল শনিবার থেকে ঢাকা আর্ট সেন্টারে (বাড়ি: ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডি) আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। এই মেধাবী তরুণের জীবন বাঁচাতে শুধু ছবি কিনেই নয়, যে যেভাবে পারবেন আর্থিক সহায়তা করবেন—এই অনুরোধ করেছেন আয়োজকেরা।
আমাদের ঘরে কিংবা স্বজন-পরিমণ্ডলে কোনো কিশোরের মুখের দিকে যদি তাকাই, তবে আহনাফের জন্য আমাদের বুকের মধ্যে কি হু হু করে উঠবে না? আমাদের মধ্যে যাঁরা বিবেকবান মধ্যবিত্ত, হৃদয়বান বিত্তশালী তাঁরা যদি মুখ তুলে তাকান তাহলে আহনাফের চিকিত্সা চলবে স্বচ্ছন্দে। আহনাফ বাঁচবে।
যোগাযোগ: সাবেরা সুলতানা, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। ফোন : ০১৫৫২৩২৮২৫৭। পাভেল: বিকাশ নং: ০১৯২১৬৭০৬৮৩। ইমেইল:[email protected]