আহমদ কায়কাউস আরও ২ বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়) আহমদ কায়কাউস
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়) আহমদ কায়কাউসকে আরও দুই বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৯ ধারা অনুযায়ী আহমদ কায়কাউসকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত করার শর্তে আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।’
আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারিতে তিনি সচিব ও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।