আহমদ রফিকের রবীন্দ্রবিষয়ক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভাষাসংগ্রামী ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিকের লেখা তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হলো। গতকাল সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। বইগুলো হলো: শিশুদের রবীন্দ্রনাথ, কিশোরদের রবীন্দ্রনাথ এবং নির্বাচিত রবীন্দ্রনাথ। এগুলোর প্রকাশক অন্যপ্রকাশ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবি কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, রবীন্দ্রসাহিত্যের মতো রবীন্দ্রজীবনও বিচিত্র। সাহিত্য রচনার বাইরে এক জীবনে কত-কী তিনি করেছেন, কত দেশ ঘুরেছেন। এই মানুষ রবীন্দ্রনাথকেও জানা প্রয়োজন শিশু-কিশোরদের। এ প্রয়োজন মেটাতেই সহজ ভাষায় আহমদ রফিক শিশু ও কিশোরদের উপযোগী করে দুটি রবীন্দ্রজীবনী লিখেছেন। দুটি বইতেই রয়েছে সাহিত্য সৃষ্টিকর্মের সমান্তরালে রবীন্দ্রজীবনের রূপরেখা।
অন্যদিকে নির্বাচিত রবীন্দ্রনাথ গ্রন্থটি রবীন্দ্রনাথ-বিষয়ক প্রবন্ধ সংকলন। গত তিন-চার দশকে রবীন্দ্রনাথের শিল্পজগৎ সম্বন্ধে আহমদ রফিক যেসব প্রবন্ধ লিখেছেন, সেগুলো থেকে বাছাই করে এ সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। বই নিয়ে আলোচনা করেন বিশ্বজিৎ ঘোষ ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী।