হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় আনা হয় শাহ আহমদ শফীকে।
হাসপাতালটির প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোতাহার হোসাইন গতকাল বলেন, আহমদ শফীর চিকিৎসার জন্য আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যে অবস্থায় চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে এখন অনেকটা ভালো। তাঁর ফুসফুসে পানি ছিল, উচ্চ রক্তচাপ ছিল, ডায়াবেটিস বেশি ছিল। সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ সকালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তিনি বলেন, তিনি অনেকটা শঙ্কামুক্ত।
এদিকে শাহ আহমদ শফীকে দেখতে গতকাল হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির। পরে তিনি সাংবাদিকদের বলেন, আহমদ শফী অত্যন্ত অসুস্থ। চিকিৎসকেরা বলেছেন, ঢাকায় আনার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।