হেফাজতে ইসলাম দাবি করেছে, শাহ আহমদ শফীর তিন বছর আগের একটি বক্তব্য কাটছাঁট করে মিডিয়া ক্যুর মাধ্যমে প্রচার করা হয়েছে। আগামী নির্বাচনে পার পাওয়ার জন্যই জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।
গতকাল শুক্রবার হেফাজতে ইসলামের লালবাগ অঞ্চল আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতারা এ দাবি করেন। সভায় নেতাদের সবাই আহমদ শফী সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে রোজার পর ১৩ দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি দেন। প্রধানমন্ত্রীর সমালোচনা করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন তাঁর মৃত্যু হবে না। তাঁকে কেউ জিজ্ঞেস করবে না। এ জন্য তাঁর কোনো চিন্তা নেই। তাঁর যে কী হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি তো দেখি না কোনো মানুষকে তাঁর জন্য দোয়া করতে।’ তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা মানুষকে হুঁশিয়ার করেন, আগামী নির্বাচনে কেউ ভুলেও যেন নৌকা মার্কায় ভোট না দেয়। নৌকার ধোঁকাবাজিতে না পড়ে।’ আরেক নায়েবে আমির আবদুল লতিফ নেজামী বলেন, ‘হেফাজতে ইসলাম কী, তা পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে টের পেয়েছেন। এখন হেফাজতের আমিরের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন তাঁর বক্তব্যের সিডি সারা দেশে ছড়িয়ে দিতে। আগামী সংসদ নির্বাচনেও আপনাদের স্থান হবে না।’ হেফাজতের ঢাকা মহানগর কমিটির সহকারী সদস্যসচিব আহমদ আলী কাশেমী বলেন, দেশের জন্য বড় সমস্যা আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের বড় সমস্যা হচ্ছে এই দলের প্রধানের মুখ। দুর্ভাগ্যজনকভাবে হেফাজতকে আওয়ামী লীগ প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে।