আহমদ শফীর বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের সম্পর্কে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের পাঁচটি পেশাজীবী সংগঠন। গতকাল রোববার সংগঠনগুলোর পৃথক প্রতিবাদ সভা ও বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। সংগঠনগুলোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। নিন্দা ও প্রতিবাদ জানানো পাঁচটি সংগঠন হলো বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, সম্মিলিত সামাজিক আন্দোলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ। এ সংগঠনগুলোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহমদ শফী নারীদের সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে পুরো মানবসমাজকে অপমান করা হয়েছে। তাঁর এ বক্তব্য ইসলামবিরোধী। কারণ, ইসলাম নর-নারীর সমান মর্যাদা দিয়েছে। এ বক্তব্য নারীর জন্য অবমাননাকর এবং সংবিধানে নারীর সম-অধিকারের বিধানের পরিপন্থী। সংবাদ বিজ্ঞপ্তিগুলোতে সংগঠনগুলোর নেতারা আহমদ শফীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উইমেন এনভয়’ নামের এক সংগঠনের নেতা-কর্মীরা আহমদ শফীর কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।