আহমদ শরীফকে জাতীয়ভাবে সম্মাননা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ বছরে দেশে মূলধারার সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসার সংখ্যা বেড়েছে অনেক বেশি। বেড়েছে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যাও। বর্তমানে বাংলাদেশে প্রতি তিনজন শিক্ষার্থীর মধ্যে একজন মাদ্রাসার শিক্ষার্থী। অধ্যাপক আহমদ শরীফ স্মারক বক্তৃতা-২০১৬ এর বক্তা হিসেবে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বক্তৃতায় এসব তথ্য তুলে ধরেন অর্থনীতিবিদ আবুল বারকাত। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আজ সোমবার অধ্যাপক আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ‘বাঙলাদেশ ভাষা সমিতি’।
আবুল বারকাত বলেন অধ্যাপক আহমদ শরীফের লেখার বড় অংশ জুড়ে আছে প্রগতির কথা, আর্থ-সামাজিক-রাজনৈতিক সংকটের কথা, শিক্ষার কথা, সামাজিক রাজনৈতিক দর্শনের কথা, মানুষের মানুষ হয়ে ওঠার প্রতিবন্ধকতার কথা। আহমদ শরীফের চিন্তা দর্শনের কথা উল্লেখ করে স্মারক বক্তৃতা হিসেবে ‘মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি’ বিষয়টি বেছে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন।
আবুল বারকাত বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খানের সময় এবং স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমানের শাসনামল ও সেনাশাসক এরশাদের আমলে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটেছে। মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন অর্থনীতি এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে মাদ্রাসা বৃদ্ধির প্রবণতা দুর করার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য মূল ধারার বিজ্ঞানভিত্তিক সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলেও উল্লেখ করেন আবুল বারকাত।
স্মারক বক্তব্য শেষে আহমদ শরীফকে জাতীয়ভাবে সম্মাননা দেওয়ার জন্য সম্মিলিতভাবে দাবি তোলার প্রস্তাব করেন আবুল বারকাত। আহমদ শরীফ প্রতিষ্ঠিত স্বদেশ চিন্তা সংঘ ও বাঙলাদেশ ভাষা সমিতিকে আগামী বছর থেকে যৌথভাবে স্মারক বক্তৃতা অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করার প্রস্তাব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হল, লাইব্রেরি বা অডিটোরিয়াম আহমদ শরীফের নামে নামকরণের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানানোরও আহ্বান জানান। প্রয়াত এ মহান ব্যক্তিত্বকে জাতীয়ভাবে সম্মানিত করতে সরকারের কাছে দাবি জানানোর কথাও বলেন আবুল বারকাত।
অনুষ্ঠানে অধ্যাপক মুস্তাফা নুর উল ইসলাম, মুর্তজা বশীর ও অধ্যাপক রফিকুল ইসলামকে ‘আহমদ শরীফ সম্মাননা’ দেওয়া হয়। আহমদ শরীফের পরিবারের হাতেও তুলে দেওয়া হয় স্মারক ক্রেস্ট। পরিবারের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান নেহাল করিম।
বাঙলাদেশ ভাষা সমিতির সভাপতি অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক অধ্যাপক সাখাওয়াৎ আনসারী। আরও বক্তব্য দেন অধ্যাপক রফিকুল ইসলাম, মুর্তজা বশীর, নারায়ণ চন্দ্র বিশ্বাস, মৃণাল কান্তি ভৌমিক, রঘুনাথ ভট্টাচার্য, খ ম আবদুল আউয়াল, আহমেদ কবীর প্রমুখ।