স্মারক বক্তৃতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা
আহমদ শরীফের মতো বৌদ্ধিক চরিত্র বাংলাদেশে দুর্লভ
দেশের বুদ্ধিবৃত্তিক জগতে যে অচলায়তন সৃষ্টি হয়েছে, সেখানে আহমদ শরীফের মতো একজন মুক্তবুদ্ধি ও নির্মোহ চিন্তার মানুষের অভাব আরও তীব্রভাবে অনুভূত হয়। তাঁর রচনা এখনো প্রাসঙ্গিক। বাংলাদেশের ভবিষ্যৎ সভ্যতা নির্ধারণের ক্ষেত্রে তরুণ প্রজন্ম তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে আহমদ শরীফের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্বদেশ চিন্তা সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
অনুষ্ঠানে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও অধ্যাপক আনু মুহাম্মদকে স্মারক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বলা হয়, মুজাহিদুল ইসলামের নেতৃত্বগুণ আগামী প্রজন্মকে বিপ্লবী রাজনীতিতে অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে ‘গিরগিটিদের জঙ্গলে মাথা উঁচু করে হিমালয়’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক প্রবীর ঘোষ।
অনুষ্ঠানের সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন, ইংরেজিতে একটা কথা আছে ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার বা বৌদ্ধিক চরিত্র, যা বাংলাদেশে একেবারেই দুর্লভ। সবকিছু বাদ দিয়ে আহমদ শরীফের এই চরিত্রটাই সবচেয়ে বড়।