টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল শনিবার আহমদিয়া মুসলিম জামায়াতের একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এলাকাবাসীর হামলায় ১১ জন আহত হয়েছে। এ সময় আহমদিয়া জামায়াতের নেতা-কর্মীদের ১৫টি বাড়ি ভাঙচুর ও মুরগির দুটি খামার লুট হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।আহত ব্যক্তিরা হলেন আহমদিয়া মুসলিম জামায়াতের কেন্দ্রীয় সদস্য মো. ইব্রাহীম হোসেন, ঘাটাইল উপজেলার আঞ্চলিক ইমাম জাফর আহামেদ, আবদুল হালিম, মো. মোতাহের হোসেন, মজিবর রহমান, মো. সাইদুর রহমান, ফজলুল হক, আরিফুজ্জামান ও নুরুল ইসলাম। গুরুতর আহত জাফর আহাম্মেদ ও ইব্রাহীম হোসেনকে ঢাকায় এবং অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপর দিকে আহত গ্রামবাসী মো. সুজন মিয়া ও দৌলত হোসেনকে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ও এলাকাবাসী জানান, গতকাল দুুপুর ১২টার দিকে ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের চাঁনতারা গ্রামে বসবাসরত আহমদিয়া জামায়াতের লোকজন একটি মসজিদের নির্মাণকাজের উদ্বোধনের প্রস্তুতি নেয়। এ সময় সেখানে আহমদিয়া জামায়াতের কেন্দ্রীয় কয়েকজন নেতাও উপস্থিত হন। খবর পেয়ে চাঁনতারা ও পাশের গ্রামের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আহমদিয়া জামায়াতের লোকজনের ওপর হামলা চালায়। তারা কুপিয়ে আহমদিয়া সম্প্রদায়ের নয়জনকে আহত করে। তাদের ১৫টি বাড়ি ভাঙচুর করে। পরে তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আহমদিয়া জামায়াতের সঙ্গে আসা ভিডিও ক্যামেরাম্যান তারেক ও মাইক্রোবাস চালকও মারধরের শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাসুদের নেতৃত্বে ৩০ জন পুলিশ ঘটনাস্থলে যায়।আহমদিয়া মুসলিম জামায়াতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোতাহার আহাম্মেদ চৌধুরী বলেন, তাঁরা ওই গ্রামে পৌঁছার পরই পাঁচ-ছয় শ লোক এসে হামলা চালায়। হামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকবর হোসেন ওরফে ছুনু মেম্বার নেতৃত্ব দেন বলে তিনি অভিযোগ করেন।ছুনু মেম্বার হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশাসন ও পুলিশ তাদের মসজিদ নির্মাণ করতে বারণ করেছিল। তার পরও তারা সেখানে মসজিদ নির্মাণ করতে যায়। তাদের বাড়াবাড়ির কারণেই এ ঘটনা ঘটেছে।