আহমদিয়া নারীর লাশ দাফনে চার ঘণ্টা দেরি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট’ নামের একটি সংগঠনের বাধার কারণে গতকাল রোববার রাজধানীতে এক নারীর লাশ দাফনে চার ঘণ্টা দেরি হয়। আকিমুন নেসা নামে ওই নারী আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাঁর লাশ দাফনে বাধা দেন ওই সংগঠনের লোকজন।গতকাল রোববার রাজধানীর পূর্ব নাখালপাড়ায় এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাতে এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে ইট পড়ে আকিমুন নেসা মারা যান। তাঁর লাশ দাফনের জন্য গতকাল দুপুর ১২টায় স্থানীয় রহিম মেটাল জামে মসজিদসংলগ্ন কবরস্থানে কবর খুঁড়তে গেলে বাধা দেওয়া হয়।মৃত আকিমুন নেসার ভাই রফিক আহমেদের অভিযোগ, আহমদিয়াবিরোধী ‘ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট’ বাংলাদেশের সভাপতি এবং ওই মসজিদের খতিব মাহমুদুল হাসান মমতাজির অনুসারীরা বাধা দেওয়ায় কবর খোঁড়া বন্ধ রাখা হয়। পরে সড়ক ও জনপথ কবরস্থানে কবর খুঁড়তে গেলে সেখানেও বাধা দেওয়া হয়। স্থানীয় ওয়ার্ড কমিশনার শেখ মজিবর রহমানের হস্তক্ষেপে পুলিশের উপস্থিতিতে বিকেল চারটার দিকে সড়ক ও জনপথ কবরস্থানেই লাশ দাফন করা হয়। খতমে নবুওয়াতের নেতা মমতাজি বলেন, ‘অমুসলিমকে মুসলিম কবরস্থানে দাফন করা যাবে না। তাই আমি ওই কবরস্থানে দাফন করতে নিষেধ করেছি।’