আহমদিয়া মসজিদে বিস্ফোরণে মামলা, যুবকের পরিচয় মেলেনি

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর চকপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।
হামলার পর পুলিশ পাহারায় আহমদিয়া সম্প্রদায়ের মানুষ ওই মসজিদে মাগরিব ও এশার নামাজ আদায় করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বোমা বহনকারী নিহত যুবকের পরিচয় মেলেনি।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্তের জন্য নিহত যুবকের লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হামলাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
মসজিদের কয়েকজন মুসল্লির ভাষ্য, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে বেলা দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। প্রথম রাকাতের নামাজ আদায় শেষ হওয়ার পর এক যুবক তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ওই যুবকের মৃত্যু হয়। এ সময় বোমার আঘাতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন। তাঁদের রাজশাহী, বাগমারা ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ২০০০ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এই মসজিদে নামাজ আদায় করে আসছেন।