আহমদিয়া মসজিদে বোমার বিস্ফোরণ 'আত্মঘাতী নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা বিস্ফোরণ আত্মঘাতী হামলার ঘটনা ছিল না বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবারের এ ঘটনায় নিহত যুবকের কোনো পরিচয় গতকাল রোববার পর্যন্ত উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। বেওয়ারিশ হিসেবে তাঁর লাশটি দাফন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের বোমা অপসারণ ও নিষ্ক্রিয়করণ দলের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনা বিশ্লেষণ করে তাঁদের কাছে মনে হয়েছে, এটা আত্মঘাতী নয়। দুর্ঘটনাবশত বিস্ফোরণে ওই যুবক নিহত হয়েছেন। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, বিস্ফোরণের ঘটনার পর উদ্ধার করা গ্রেনেডগুলো ছিল হাতে তৈরি; যেগুলো বহনের জন্য খুব নিরাপদ ছিল না। গত ২৩ অক্টোবর রাজধানীর হোসেনি দালানে এ রকম পাঁচটি গ্রেনেড ছোড়া হয়। তিনটি বিস্ফোরিত হয়েছিল। একটি পিনসহ ও আরেকটি পিন খুলে ছোড়ার পরও বিস্ফোরিত হয়নি।

এই কর্মকর্তা বলেন, ওই গ্রেনেডগুলোর খোল, পিনসহ কিছু অংশ দেশেই তৈরি; কিছু বিদেশ থেকে আনা। পিনগুলো ঝালাই করে গ্রেনেডের মাথায় চাবির রিংয়ের মতো করে লাগানো। ফলে এগুলো খুব মসৃণ নয়। আর পিনের সঙ্গে যুক্ত রয়েছে সুইচ। সুইচের মাধ্যমে পিন খোলার ৫ থেকে ৪৫ সেকেন্ড পর্যন্ত বিস্ফোরণের সময় নিয়ন্ত্রণ করা যায়। বাগমারার ঘটনায় মনে হয়েছে, সুইচটি কাজ করেনি। পিন খুলে ছোড়ার আগেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এ কারণেই গ্রেনেড বহনকারী যুবকের বাঁ হাত, বুকের বাঁ পাশ বেশি ক্ষতবিক্ষত হয়।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো বিশেষজ্ঞ মতামত তাঁদের কাছে পৌঁছায়নি।

বিস্ফোরণের ঘটনার পর পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুল্লাহ আল মাহমুদ বলেছিলেন, নিহত যুবক স্থানীয়ভাবে তৈরি ‘সকেট বোমা’ ব্যবহার করেছেন। তবে এটা আত্মঘাতী বোমা হামলা কি না, তা তদন্তের আগে বলা যাবে না। ইতিমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে, নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণে মারা গেছেন ওই যুবক।

নিহত যুবকের পরিচয় মেলেনি: বিস্ফোরণে নিহত যুবকের পরিচয় দুই দিনেও জানা যায়নি। এ অবস্থায় তাঁর লাশ গতকাল রাজশাহী নগরের হেতেমখাঁ কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, নিহত যুবকের পরিচয় দুই দিনেও না মেলায় বেলা পৌনে দুইটার দিকে তাঁরা লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন। দুইটার পর তাঁকে দাফন করা হয়।

বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, যুবকের আঙুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মাধ্যমে ওই যুবকের পরিচয় সম্পর্কে তথ্য জানা যেতে পারে।            

যুবকের পরিচয় না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, যুবকটির সঙ্গে আরও একজন যুবক ছিলেন। গতকাল পর্যন্ত তাঁরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাগমারার সৈয়দপুর চকপাড়া গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদটিতে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ওই যুবক নিহত ও আটজন আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা করা হয়েছে।

বিস্ফোরণের পর আহমদিয়া সম্প্রদায়ের তিন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আহমদিয়া জামাতের এই নেতারা হলেন আবু সাঈদ, আশরাফুল ইসলাম ও সফিকুল ইসলাম।

আহমদিয়া জামাতের রাজশাহী অঞ্চলের সভাপতি আবদুল্লাহ শামস বিন তারিক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। দুটি আলাদা বাহিনীর সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন।