আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আহমদিয়া সম্প্রদায়ের ৮৮তম বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বকশীবাজারে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলন কাল রোববার শেষ হবে।সম্মেলনের উদ্বোধন করেন অস্ট্রেলিয়া আহমদিয়া মুসলিম জামাতের আমির মাহমুদ আহমদ। তিনি বাংলাদেশে দীর্ঘ ৮৮ বছর ধরে আহমদিয়াসহ অন্যান্য ধর্মগোষ্ঠীর বিষয়ে এ দেশের জনগণ ও সরকার যে সহিষ্ণুতা এবং উদার মানসিকতা দেখিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।আহমদিয়া জামাত বাংলাদেশের আমির মোবাশশেরউর রহমান বলেন, পাশ্চাত্যের মানুষ আজ দলে দলে আহমদিয়া জামাতে শামিল হচ্ছেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন, আহমদিয়া জামাতের নায়েবে আমির আবদুল আউয়াল খান চৌধুরী, ইমদাদুর রহমান সিদ্দিকী, মাহমুদ আহমদ প্রমুখ। গত বছর গাজীপুরে আহমদিয়া জামাতের সম্মেলন আয়োজন করা হয়, কিন্তু প্রতিপক্ষের বাধার মুখে প্রশাসন শেষ মুহূর্তে অনুমতি বাতিল করে। গতকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের দুজন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ আনা হয়। কাল রোববার অনুষ্ঠিত হবে সম্মেলনের সমাপনী অধিবেশন। এবার সম্মেলনে প্রায় ছয় হাজার সদস্য অংশ নিচ্ছেন বলে জানানো হয়।