আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছেন, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের অনুসারীদের তওবা পড়ে ‘মুসলমান’ হওয়ার জন্য সেখানকার ধর্মান্ধ, উগ্র মৌলবাদী গোষ্ঠী প্রকাশ্যে চাপ দিচ্ছে। তারা আহমদিয়াদের মসজিদ ভেঙে দিয়েছে। তাদের ওপর একাধিকবার হামলা করেছে। কিন্তু স্থানীয় প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না।গতকাল মঙ্গলবার রাজধানীর বকসীবাজারে আহমদিয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের ভারপ্রাপ্ত ন্যাশনাল আমির মীর মোবাশ্বের আলী এই অভিযোগ করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে উল্টো রাজনৈতিক সমীকরণ বোঝানোর চেষ্টা করছে। এক প্রশ্নের জবাবে মীর মোবাশ্বের বলেন, স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতের নেতা মাওলানা নাছির উদ্দিনের নেতৃত্বে আহমদিয়াদের ওপর হামলা হয়। আহমদিয়া জামাতের প্রেস সেক্রেটারি আহমদ তফসীর চৌধুরী, ধর্মপ্রচারক মাওলানা মশিউর রহমান, ৭ আগস্টের ঘটনায় আহত ইব্রাহিম হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।