আহমদিয়াদের মসজিদে বোমা হামলা মামলায় মুফতি হান্নান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের নিরালা আবাসিক এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষস্থানীয় নেতা মুফতি আবদুল হান্নানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল সোমবার কড়া নিরাপত্তার মধ্যে মুফতি হান্নানকে খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির করা হয়। এ সময় সিআইডির পরিদর্শক খন্দকার মিরাজুল বিল্লাহ সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত রোববার মুফতি হান্নানকে কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খন্দকার মিরাজুল বিল্লাহ জানান, ১৯৯৯ সালের ৮ অক্টোবর খুলনা মহানগরের নিরালা আবাসিক এলাকায় আহমদিয়াদের মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত ও ৩০ আহত হয়। এই ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করে। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডি তদন্ত শেষে ২০০১ সালে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে মহাজোট সরকার ক্ষমতায় এসে মামলাটি পুনরুজ্জীবিত করে। সে অনুযায়ী মামলাটির অধিকতর তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে মুফতি হান্নানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি আরও জানান, এই মামলার আরও তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য গতকাল সমন জারি করা হয়। আগামী ১৭ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা রয়েছে।